নড়িয়ায় জমির বিরোধে ‘পিটিয়ে হত্যা’
জমি নিয়ে বিরোধের জেরে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ করেছে নিহতের পরিবার। এ সময় নারীসহ দুজন আহত হয়েছেন।
নিহত ফজলুর রহমান ওঝার ছেলে টিটু ওঝা জানান, তার বাবা সোমবার ভোর ৫টায় ফজর নামাজ শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা তাকে পিটিয়ে হত্যা করে।
আহতরা হলেন শেফালী (৪৫) ও লিয়াকত হোসেন (৩৫)।
ফজলুর মেয়ে বিলকিস বলেন, “প্রতিপক্ষ আব্দুল মন্নান সরদারের লোকজন আমার বাবাকে পিটিয়ে হত্যা করেছে।
তবে এই অভিযোগ অস্বীকার করে আবদুল মন্নান সরদার জানান, ফজলুর রহমান হৃদরোগে মারা গেছেন।
নড়িয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ধানের জমি নিয়ে মন্নান সরদার ও টিটু ওঝার পুরনো বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে জানিয়ে নড়িয়া থানার ওসি শেখ কবিরুজ্জামান বলেন, “ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নুরুনাহার বেগম নামে একজনকে আটক করা হয়েছে।”
