ঘন কুয়াশায় ফেরি চলাচলে বিঘ্ন
ঘন কুয়াশার কারণে দেশের দুই নৌ পথ শিমুলিয়া-কাওড়াকান্দি এবং পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে।
শিমুলিয়া-কাওড়াকান্দি পথে রোববার ভোর ৪টা থেকে সকাল ৯টা পর্যন্ত ৫ ঘণ্টা এবং পাটুরিয়া-দৌলতদিয়া পথে ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত ৪ ঘণ্টা পারাপার বন্ধ থাকে।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী ম্যানেজার শেখর চন্দ্র রায় এবং আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) বিদ্যুৎ কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তারা জানান, কুয়াশার কারণে নৌ পথের মার্কিং পয়েন্ট ও বিকন বাতিগুলো দেখা যাচ্ছিল না। এ কারণে দুর্ঘটনা এড়াতে চলাচল বন্ধ রাখা হয়।
ফলে শিমুলিয়া-কাওড়াকান্দি পথে নয়টি এবং দৌলতদিয়া-পাটুরিয়া পথে ছয়টি ফেরি যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে।
শিমুলিয়া ঘাটের সহকারী ম্যানেজার শেখর চন্দ্র রায় বলেন, ফেরি চলাচল বন্ধ থাকায় নদীর দুই পাড়েই ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ফেরির সঙ্গে সঙ্গে এ সময়ে স্পিডবোট, ট্রলার ও লঞ্চ পারাপারও বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছে।
রোগী বহন করা অ্যাম্বুলেন্স, জরুরি ওষুধ ও কুরিয়ার সার্ভিসের গাড়িকেও পারাপারের অপেক্ষায় থাকতে হয় দীর্ঘ সময়। শীতের সকালে ভোগান্তি পোগাতে হয় যাত্রীদের।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) বিদ্যুৎ কুমার সাহা জানান, ফেরি বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে শতাধিক যাত্রীবাহী কোচ ও তিন শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়ে। যাত্রীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে কোচগুলোকে আগে পারাপার করা হচ্ছে।
