সব ভুয়া নিয়ে হাসপাতাল
হাসপাতালের প্রধান চিকিৎসক উচ্চ মাধ্যমিক পাস; সব ধরনের অস্ত্রোপচার নিজ হাতেই করতেন তিনি। অন্য চিকিৎসক, সেবিকা ও টেকনিশিয়ান কেউই লেখাপড়া করেননি ওই সব বিষয়ে।
তাদের দিয়েই চলছিল হাসপাতাল। দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ চিকিৎসার জন্য রাজধানীতে এসে যেমন সেখানে উঠতেন তেমনি দালালদের খপ্পরে পড়ে ঢাকার অনেক বাসিন্দা গিয়েও প্রতারিত হয়েছেন।
রাজধানীর আগারগাঁওয়ের শাহজালাল জেনারেল হাসপাতালের বৃত্তান্ত এটি। শনিবার সকালে সেখানে অভিযান চালিয়ে হাসপাতালটি সিলগালা করে দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
প্রতিষ্ঠানটির প্রধান চিকিৎসক মাসুম মৃধাসহ (২৮) ছয়জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে বলে র্যাবের ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা জানিয়েছেন।
“হাসপাতালের প্রধান চিকিৎসক মাসুম উচ্চ মাধ্যমিক পাস। তিনি সব ধরনের অস্ত্রোপচার করতেন।”
মাসুমকে দুই বছর কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে আনোয়ার পাশা জানিয়েছেন।
একই দণ্ড পেয়েছেন ভুয়া চিকিৎসক সুজন দাস (৩২) ও সুমন পাল (২৮)।
সেবিকা সেজে প্রতারণায় মিতু জয় ধর (২০), ভুয়া টেকনিশিয়ান সুব্রত বালা (১৯) ও পঙ্কজ চন্দ্র দাসকে (২১) ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এদের প্রত্যেককেও এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
সকালে ওই প্রতিষ্ঠানে গিয়ে আটজন রোগী দেখা যায়।
হাসপাতালের অস্ত্রোপচার কক্ষে শুয়ে থাকা অবস্থায় পাওয়া যায় ফজলুল হককে। দুর্ঘটনায় ভাঙা পা সারাতে সকালে ঢাকায় এসেছেন বলে জানান পিরোজপুরের মঠবাড়িয়ার এই বাসিন্দা।
হাসপাতালে পৌঁছানোর পর মাসুমের পরামর্শে সুজন ও সুমন মিলে তার পায়ের ব্যান্ডেজ কেটে প্লাস্টার করছিল বলে জানান তিনি।
পলাশ বলেন, এই হাসপাতালে এক্সরেতে কিছু ধরা না পড়লেও ১৪ দিন আগে মেয়ের পায়ে প্লাস্টার করা হয়। সকালে প্লাস্টার কাটার কথা থাকলেও ভ্রাম্যমাণ আদালতের অভিযানের কারণে তা হয়নি।
মিলন মোল্লা (২৮) নামের এক রোগী ছিলেন কেবিনে। পঙ্গু হাসপাতালে আসার পর কয়েকজন দালাল ফুঁসলিয়ে তাকে এখানে নিয়ে আসেন বলে জানান তিনি।
র্যাবের ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা জানান, গত বছর জুন মাসে ওই হাসপাতালের অনুমোদন শেষ হয়। এরপরে অবৈধভাবে হাসপাতালটি চালানো হচ্ছিল।
