স্কুলের জমি উদ্ধারের দাবি
কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস ও খেলার মাঠ উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন বর্তমান ও প্রাক্তন ছাত্ররা।
শনিবার বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।
কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ. কে. এম. আব্দুল্লাহ জানান, ২০০৬ সালে মাসিক ২২ হাজার টাকা ভাড়ায় দুই বছরের জন্য বিদ্যালয়ের ছাত্রাবাস স্থানীয় বিয়াম ল্যাবরেটরি স্কুলকে দেওয়া হয়।
নির্দিষ্ট সময়ের পাঁচ বছর পরও ছাত্রাবাস ও তৎসংলগ্ন খেলার মাঠ ফিরে না পাওয়ায় আন্দোলনের কর্মসূচি প্রদান করেছেন বর্তমান ও প্রাক্তন ছাত্ররা।
মানববন্ধনে বক্তারা বলেন, ছাত্রাবাসের অভাবে জেলার দূর-দূরান্ত থেকে আসা ছাত্রদের আবাসন সমস্যা হছে। তাদের খেলার মাঠটিও রয়ে গেছে বেদখল।
এ সময় অবিলম্বে বিয়াম ল্যাবরেটরি স্কুল অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানান তারা।
সাবেক ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্র অভিভাবক ফোরামের সভাপতি ও জেলা সিপিবির সাধারণ সম্পাদক এনামুল হক, বাসদের জেলা সমন্বয়ক শফিকুল ইসলাম, উইমেন চেম্বারের সভাপতি নাজমুন্নাহার মলি, সাংবাদিক সাকাউদ্দিন আহমেদ রাজন ও সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ।
এনামুল হক জানান, গত ১৮ নভেম্বর সাত দিনের মধ্যে স্কুলে ছাত্রাবাস, খেলার মাঠ দখলমুক্ত করতে বিয়াম ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ শামীমা ইয়াসমিনকে লিগ্যাল নোটিশ প্রদান করা হয়।
নির্ধারিত সময়ের মধ্যে দখল মুক্ত না হওয়ায় সাধারণ শিক্ষার্থীদের সমস্যার বিষয়টি বিবেচনায় নিয়ে কর্মসূচি দিতে বাধ্য হয়েছি।
এরপরও দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান তিনি।
লিগ্যাল নোটিশ প্রাপ্তির বিষয়টি স্বীকার করে অধ্যক্ষ শামীমা ইয়াসমিন বলেন, এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সামাদ জানান, “আমি নতুন এসেছি এবং এ ব্যাপারে আমাকে কেউ কিছু বলেনি। তাই এই বিষয়ে কিছু বলা সম্ভব নয়।"
