২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রাম কলেজ শিক্ষকরা ধর্মঘটে

কুড়িগ্রাম সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক মিজানুর রহমানের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে ওই কলেজের শিক্ষকরা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2014, 03:48 PM

Updated : 13 Oct 2022, 12:53 PM

শনিবার কলেজ ক্যাম্পাসে মৌন মিছিল ও কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন শেষে তারা এ ঘোষণা দেন।

ধর্মঘট চলাকালে শিক্ষকরা পাবলিক পরীক্ষা ছাড়া কলেজের অভ্যন্তরীণ পরীক্ষা, ক্লাস থেকে বিরত থাকাসহ একাডেমিক কোনো কাজে অংশ না নেওয়ার ঘোষণা দেন।  

গত বুধবার একদল ছাত্রের হামলায় ওই কলেজের শিক্ষক মিজানুর রহমান আহত হন।

এ হামলার অভিযোগে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে মামলাও হয়।

ওই কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম জানান, হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে শিক্ষকরা ক্যাম্পাসে মৌন মিছিল ও কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেছেন।

শহীদ মিনারের সমাবেশে শনিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়।

এদিকে, একই দাবিতে সকালে কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থীরা মিছিল-সমাবেশ ও কলেজ মোড় এলাকায় এক ঘণ্টা সড়ক অবরোধ করেছে।

এ সময় বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের জীবন, ফিরোজ, ইতিহাস বিভাগের আব্দুল মতিন, বুলবুল আহমেদ প্রমুখ।

বুধবার ছাত্রলীগের ক্লিন ক্যাম্পাস কর্মসূচি চলাকালে শিক্ষক মিজানুর রহমানকে ব্যাপক মারধর করে একদল ছাত্র।

কলেজ কর্তৃপক্ষ হামলাকারীদের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করে।

পুলিশ সাঈদ, লিটু ও মামনুর রশিদ নামে তিন ছাত্রকে গ্রেপ্তার করলেও  প্রধান আসামি ছাত্রলীগ সমর্থক রমজান আলীকে গ্রেপ্তার করতে পারেনি।