‘ওসমান পরিবার খুনি, প্রশ্রয় দিচ্ছেন প্রধানমন্ত্রী’
শামীম ওসমানকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘আশ্রয়-প্রশ্রয়’ দিচ্ছেন অভিযোগ করে এর ‘পরিণতি শুভ হবে না’ বলে মন্তব্য করেছেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি।
শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেইটে ত্বকী হত্যার অভিযোগপত্র দ্রুত দেওয়া এবং হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এই কথা বলেন।
নিহত তানভীর মোহাম্মদ ত্বকীর বাবা রাব্বি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, “আপনি যে খুনীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন তার পরিণতি শুভ হবে না। আপনি আপনার বাবার পরিণতির দিকে তাকান।
“আপনি প্রশাসনকে বলুন যাতে দ্রুত ত্বকী হত্যার চার্জশিট দেওয়া হয়।”
ফাইল ছবি
সাংসদ শামীম ওসমানের উদ্দেশে তিনি বলেন, “শামীম ওসমান আপনি পালাবার সুযোগ পাবেন না। আর নারায়ণগঞ্জ গডফাদার-সন্ত্রাসীদের নয়, বরং সাধারণ মানুষের বসবাসযোগ্য থাকবে।”
বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের একটি টয়লেটে বিস্ফোরণের পর সেখানে গিয়ে শামীম ওসমান জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন খান এবং জ্যেষ্ঠ আইনজীবী ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুবুর রহমান মাসুমকে অকথ্য ভাষায় গালাগালি করেছেন বলে অভিযোগ করেন রাব্বি।
“তাদের অকথ্য ভাষায় গালাগালি করেছেন এবং রাজাকারের বাচ্চা বলেছেন শামীম ওসমান। অথচ তিনি যাকে বিয়ে করেছেন তারা বাবা অর্থাৎ তার (শামীম) শ্বশুরই রাজাকার। ঘরে রাজাকারের সন্তান রেখে অন্যকে রাজাকার বলা তার মুখে মানায় না। তার উচিত ছিল স্ত্রীকে এজন্য ত্যাগ করা,” বলেন দীর্ঘদিন প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত রফিউর রাব্বি।
তিনি বলেন, “শামীম ওসমান চায় না সাত খুন ও ত্বকী হত্যার বিচারের দাবিতে কেউ সোচ্চার হোক। কারণ এ হত্যাগুলোর সঙ্গে তারাই জড়িত। সাত খুনের মূল হোতা নূর হোসেন শামীম ওসমানেরই লোক।”
রফিউর রাব্বির ছেলে তানভীর মোহাম্মদ ত্বকী গত বছরের ৬ মার্চ বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন। দুদিন পর শীতলক্ষ্যার একটি খালে তার লাশ পাওয়া যায়। সে রাতেই সদর মডেল থানায় হত্যা মামলা করেন রাব্বি।
এরপর ১৮ মার্চ শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, যুবলীগ নেতা পারভেজ, জেলা ছাত্রলীগসহ সভাপতি রাজীব দাস, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সালেহ রহমান সীমান্ত ও রিফাতকে দায়ী করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ সুপারকে একটি অবগতিপত্র দেন তিনি।
শামীম ওসমান (ফাইল ছবি)
ত্বকী মঞ্চের সদস্য সচিব ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কবি হালিম আজাদ বলেন, “র্যাবের তদন্তে ত্বকী হত্যাকারীরা চিহ্নিত হয়েছে। চার্জশিটও প্রায় প্রস্তুত ছিল। জাতীয় বেশ কয়েকটি দৈনিকেও চার্জশিট যে কোনো সময়ে দেওয়া হবে বলে প্রতিবেদন প্রকাশিত হয়।
“কিন্তু এরপরেই থমকে যায় ত্বকী হত্যার তদন্ত।”
সমাবেশে অন্যদের মধ্যে ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য শফিউদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুবুর রহমান মাসুম, জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, জেলা বাসদের সমন্বয়ক নিখিল দাস, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আওলাদ হোসেন, কৃষক শ্রমিক জনতা লীগের জেলা কমিটির সভাপতি শফিকুল ইসলাম দেলোয়ার প্রমুখ বক্তব্য দেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
