রাজশাহীতে ব্যাংক ডাকাতির চেষ্টা: আটক ৫
রাজশাহীতে সোনালী ব্যাংকের কোর্ট শাখায় সুড়ঙ্গ কেটে ডাকাতির চেষ্টার ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে পুলিশ।
দুর্বৃত্তদের ব্যাংক ডাকাতির ওই বিফল চেষ্টার পর বৃহস্পতিবার রাতে শাখার সহকারী ব্যবস্থাপক আবদুল হাদি বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে রাজপাড়া থানায় মামলা করেন।
আটককৃতরা হলেন- রাজপাড়া থানার কেশবপুর এলাকার আবদুর রউফের ছেলে সেলিম (৩০), গুলজারবাগ এলাকার আলমগীরের ছেলে নাজমুল ইসলাম (৩২), ডিঙ্গাডোবা এলাকার মৃত উজিরের ছেলে মানিক মিয়া (২৮), বহরমপুর এলাকার মৃত ইয়াদ আলীর ছেলে টুটুল (২৫) ও দাশপুকুর এলাকার মৃত সাদেক আলীর ছেলে মিনারুল (৩০)।
রাতেই কোর্ট এলাকার আশপাশে অভিযান চালিয়ে আটকের পর শুক্রবার বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়।
রাজপাড়া থানার ওসি মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যাংকের সহকারী ব্যবস্থাপক আবদুল হাদির দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটক পাঁচজনকে কারাগারে পাঠানো হয়েছে।
“তাদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য রোববার পাঁচদিনের রিমান্ডের আবেদন করা হবে।”
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সোনালী ব্যাংক কোর্ট শাখায় দুর্বৃত্তদের সুড়ঙ্গ খোঁড়ার চেষ্টার সময় এক পথচারী দেখে ফেলায় পালিয়ে যায় তারা। পরে ঘটনাস্থল থেকে সুড়ঙ্গ তৈরির কাজে ব্যবহৃত খুনতি, বেলচা, দা, ছেনি, শাবল, হাতুড়ি ও করাতসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।
এদিন রাজশাহীর একটি রেস্তোরাঁয় ব্যাংকের ব্যবস্থাপকদের সম্মেলন চলছিল। সেখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান উপস্থিত ছিলেন।
রাজশাহী মহানগরীর সোনালী ব্যাংক কোর্ট শাখার ভবনটি রাস্তার পাশে হলেও প্রাচীর দিয়ে ঘেরা। সে কারণে সেখানে কী হচ্ছে, তা পথ দিয়ে হেঁটে গেলেও চোখে পড়ে না।
এই বছরের শুরুতে কিশোরগঞ্জে সোনালী ব্যাংকে সুড়ঙ্গ কেটে ১৬ কোটি টাকা লুট হয়। এর পর মার্চ মাসে বগুড়ার আদমদীঘিতে একইভাবে সুড়ঙ্গ কেটে লুট হয় রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকটির ৩০ লাখ টাকা।
তারপর গত সেপ্টেম্বরে জয়পুরহাটে ব্র্যাক ব্যাংকের দেয়াল ভেঙে চুরি যায় প্রায় ২ কোটি টাকা।
