২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুনের স্বীকারোক্তি আসামির, ময়নাতদন্তে আত্মহত্যা

চট্টগ্রামের রাউজানে এক গৃহবধূর লাশের ময়নাতদন্ত প্রতিবেদনে আত্মহত্যা উল্লেখ করা হলেও আদালতে দেওয়া জবানবন্দিতে খুনের কথা স্বীকার করেছেন তার স্বামী।

মিঠুন চৌধুরী মিঠুন চৌধুরী

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2014, 09:53 PM

Updated : 22 Aug 2022, 08:01 PM

গত ২৪ সেপ্টেম্বর চট্টগ্রামের রাউজান উপজেলার নওয়াজিশপুর ইউনিয়নের নতুনহাট এলাকায় আবু বক্করের বাড়ি থেকে তার স্ত্রী রিমা আক্তারের (২২)  ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

আবু বক্করের পরিবার ‘আত্মহত্যা’র দাবি করলেও রিমার ভাই তৌহিদুল আলম হত্যার অভিযোগ এনে মামলা করেন।

ওই মামলায় আবু বক্করকে পুলিশ গ্রেপ্তারের পর গত ২৬ সেপ্টেম্বর চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম এস এম মাসুদ পারভেজের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।

এর মধ্যে গত ২৫ সেপ্টেম্বর রিমার ময়না তদন্তের পর ২৭ সেপ্টেম্বর দেওয়া চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের মেডিকেল অফিসার ডা. মোমিনুর রহমান যে প্রতিবেদন দেন, তাতে আত্মহত্যা উল্লেখ করা হয়।

ময়না তদন্তের প্রতিবেদন ও মামলা সংক্রান্ত অন্যান্য নথি বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হাতে এসেছে, তাতে রিমার মৃত্যুর বিষয়ে অসামঞ্জস্য ধরা পড়ে।

বাদীর আইনজীবী রেজাউল করিম বাবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যে ঘটনা ঘটিয়েছে সে নিজেই হত্যা বলছে। অথচ ময়না তদন্তে আত্মহত্যা বলা হয়েছে। এটা পরস্পরবিরোধী অবস্থা।

ময়না তদন্ত প্রতিবেদনের বিষয়টি  আদালতে জানাবেন জানিয়ে তিনি বলেন, “যেহেতু এখনও মামলার অভিযোগপত্র দেওয়া হয়নি, আশা করছি আদালত ব্যবস্থা নেবেন।”

তবে ময়না তদন্তকারী চিকিৎসক মোমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি পরীক্ষা করে যা পেয়েছেন, প্রতিবেদনে তাই উল্লেখ করেছেন।

প্রতিবেদনে বলা হয়, ‘সুইসাইডাল হ্যাঙ্গিং’ এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে।

“যা পেয়েছি, তাই প্রতিবেদনে দিয়েছি। ঘটনাটি জটিল হওয়ায় অধ্যাপকের সাথে আলাপও করেছি। মারধরের পর অজ্ঞান হয়ে গেলে পরে কেউ তো ঝুলাতে পারে। মারধরের আঘাতের বিষয়টি প্রতিবেদনে উল্লেখ আছে, সুইসাইডের লক্ষণও আছে,” বলেন ডা. মোমিনুর।

তিনি বলেন, “এ নিয়ে সন্দেহ করার কোনো কারণ নেই। শতভাগ সততার সাথেই আমরা কাজ করি।”

রাউজানের নওয়াজিশপুর ইউনিয়নের নতুনহাট এলাকার আবু বক্করের সঙ্গে গত ৪ সেপ্টেম্বর বিয়ে হয়েছিল একই উপজেলার চিকদাইর ইউনিয়নের আহাম্মদ উল্লাহর মেয়ে রিমার।

বিয়ের ২১ দিনের মাথায় রিমার লাশ উদ্ধারের পর তার ভাই আত্মহত্যার বিষয়টি মেনে না নিয়ে হত্যামামলা করেন আবু বক্কর, বক্করের ভাই ইব্রাহিম, মা সেলিনা ইয়াছমিন, মামা নজরুল ইসলাম ও মামী পারভিন আক্তারের বিরুদ্ধে।

আদালতে দেওয়া জবানবন্দিতে আবু বক্কর হত্যার কথা স্বীকার করে তার বিবরণও দেন বলে আদালত সূত্র জানায়। বক্করের দাবি, স্ত্রীর পরকীয়ার কারণে তাকে ভয় দেখাতে গিয়ে হত্যাকাণ্ড ঘটে যায়।

জবানবন্দিতে আবু বক্কর বলেন, মা ও মামীর সহায়তায় তিনি রিমার হাত-পা বেঁধে ফেলেন। এরপর মামী রিমার গলায় ওড়না পেঁচিয়ে ধরেন।

আবু বক্করের বক্তব্য অনুযায়ী, ওড়নার দুই দিক থেকে তিনি ও তার মামী টান দিলে রিমার নাক দিয়ে রক্ত বের হতে থাকে।

“এক পর্যায়ে রিমা মারা যায়। পরে মামীর কথামতো ওড়নার একপ্রান্ত ফ্যানের সাথে পেঁচিয়ে রিমার লাশ ঝুলিয়ে রাখি।”

রিমার ভাই তৌহিদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনার দিন আবু বক্কর একবার ফোন করে জানায়, রিমার নাকে-মুখে ফেনা বেরিয়েছে। কিছুক্ষণ পর আবার ফোন করে বলে, আমার বোন গলায় ফাঁস দিয়েছে।”

এরপর বোনের বাড়িতে যান তৌহিদুল। তিনি দেখেন, রিমা খাটের ওপর ফ্যানের সঙ্গে ঝুলছে। তার নাকে-মুখে রক্ত।

“তবে রিমার হাঁটু ‍বাঁকানো অবস্থায় বিছানার ওপর পা ভর দেওয়া ছিল,” বলেন তৌহিদুল, যা দেখে হত্যামামলা করেন তিনি।