ঢাবি ভর্তি: দ্বিতীয় সুযোগের দাবিতে ছাত্র ফেডারেশনের সমাবেশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রাখার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র ফেডারেশন।
বৃহস্পতিবার দুপুরে উপাচার্য্য কার্যালয়ের সামনে সমাবেশ করে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
এর আগে মধুর ক্যান্টিনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে উপাচার্য কার্যালয়ের সামনে গিয়ে মিছিল শেষ হয়।
সমাবেশে ছাত্র ফেডারেশনের ঢাকা মহানগর শাখার সহ সভাপতি তাহারাত লিয়ন বলেন, আর্থিক ক্ষমতা কম হওয়ায় মফস্বলের শিক্ষার্থীরা শহরের মানের শিক্ষা থেকে বঞ্চিত হয়। তারা ভর্তি পরীক্ষার সম্পূর্ণ নতুন পদ্ধতির সাথে সহজে খাপ খাওয়াতেও পারে না।
“অন্যদিকে শহরের শিক্ষার্থীরা কোচিং ও অন্যান্য সুযোগ-সুবিধার মাধ্যমে আগে থেকেই নতুন পদ্ধতির সাথে পরিচিত হয়ে যায়। ফলে ভর্তি পরীক্ষায় গ্রামের শিক্ষার্থীদের তুলনায় শহরের শিক্ষার্থীদের ভাল করার সম্ভাবনা বেশি থাকে।
“তাই দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত সাধারণ ছাত্রদের স্বার্থবিরোধী হবে।”
সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মনোয়ার হোসেন মাসুদ বলেন, “দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার দাবিতে আন্দোলন করা শিক্ষার্থীদের অনশন চলার সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন ন্যুনতম সংবেদনশীল আচরণ করেনি। প্রশাসনের আচরণ ছিল স্বৈরতান্ত্রিক। আমরা এমন প্রশাসন চাই না, এমন ভিসি চাইনা।”
অবিলম্বে ছাত্র সমাজের দাবি মেনে নেয়া না হলে ক্যাম্পাস ঘেরাও, ক্লাস বর্জনসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি।
সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদিক রেজার সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শাখার রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক মুরসালিনা শুভ ও ভর্তিচ্ছু শিক্ষার্থী রিয়াজুল ইসলাম।
