২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামের সেবা, সবার শান্তিপূর্ণ ধর্ম পালনে কাজ চলছে: মতিয়া

ইসলামের সেবা ও বিভিন্ন ধর্মের মানুষ যাতে শান্তিপূর্ণভাবে ধর্ম পালন করতে পারে সে লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2014, 06:04 PM

Updated : 22 Aug 2022, 08:01 PM

বৃহস্পতিবার সকালে নিজের নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ীতে মসজিদ, মন্দির ও গির্জায় কর্মরত মুয়াজ্জিন, পুরোহিত ও যাজকদের মাঝে কম্বল ও টিআরের চেক বিতরণের সময় এক সংক্ষিপ্ত সমাবেশে একথা বলেন মন্ত্রী।

নালিতাবাড়ীর মুক্ত মঞ্চের ওই অনুষ্ঠান থেকে স্কুল ও মাদ্রাসার নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ গরীব মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে নগদ টাকাও বিতরণ করেন মতিয়া চৌধুরী।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

সমাবেশে তিনি বলেন, “বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগোবেই। কারণ শেখ হাসিনার দেশপ্রেম আছে। দেশ ও দেশের মানুষের প্রতি তার অগাধ ভালবাসা আছে।

“ইসলামের সেবা এবং বিভিন্ন ধর্মের মানুষের শান্তিপূর্ণভাবে ধর্ম পালনের জন্য কাজ করে যাচ্ছে বর্তমান সরকার।”

হজ ব্যবস্থাপনায় বাংলাদেশ এশিয়ায় দ্বিতীয় দাবি করে কৃষিমন্ত্রী মতিয়া বলেন, “বঙ্গবন্ধু এদেশে মদ ও জুয়া বন্ধ করেছিলেন। আর জিয়াউর রহমান সেগুলো চালু করেছেন।

“আজ কর্মসংস্থানের অভাব নেই। হাত নাড়ালেই খাদ্য। অসাধ্য সাধন হয়েছে দেশে।”

সবার কাছে শেখ হাসিনার জন্য দোয়া চেয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, “দেশের এই অব্যাহত উন্নয়ন ভুলতে চাইলেই ভোলা যায় না, মুছতে চাইলেই মোছা যায় না, যাবে না।”

অনুষ্ঠানে উপজেলার ৪৭টি স্কুল ও মাদ্রাসার নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ ৪৭০ জন দরিদ্র ছাত্রছাত্রীকে ৫০০ টাকা করে এবং ৬০০ মসজিদ, মন্দির ও গির্জায় কর্মরত মোয়াজ্জিন, পুরোহিত ও যাজকদের মাঝে একটি করে কম্বল এবং বিভিন্ন প্রতিষ্ঠানে ২৯ লাখ টাকার টিআরের চেক বিতরণ করেন।

এ সময় মন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন, পুলিশ সুপার মেহেদুল করিম, উপজেলা চেয়ারম্যান এ কে এম মোখলেছুর রহমান রিপনসহ অন্যরা উপস্থিত ছিলেন।