ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরেকটি বাস পুড়ল
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি নিজস্ব বাস পুড়িয়ে দিয়েছে একদল ছাত্র।
বৃহস্পতিবার দুপুরে গাড়াগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বাসের চালক আলি হাসান বিশ্বাস আহত হন বলে পুলিশ জানিয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে এক ছাত্রলীগ নেতার নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে শোনা গেলেও তার পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে।
শৈলকুপার থানার ওসি মো. ছগির মিয়া ও বাস চালক আলি হাসান বিশ্বাস জানান, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের ঝিনাইদহে নামিয়ে বাসটি ক্যাম্পাসে ফিরছিল।
“গাড়াগঞ্জে পৌঁছলে একদল ছাত্র বাসে হামলা চালায়। চালককে মারপিঠ করে। তারপর বাসে আগুন দিয়ে পালিয়ে যায়।
শৈলকুপা থেকে ফায়ার ব্রিগেডের গাড়ি পৌঁছানোর আগেই বাসটি পুড়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে যায়।”
শৈলকুপা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামিম হোসেন মো. শামিম হোসেন মোল্ল্যা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। সুজনের নেতৃত্বে এ কমিটির পদ বঞ্চিতরা এ কাজ করেছে।”
তবে, সুজনের বাবা শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের নেতা মোক্তার হোসেন মৃধা এ ঘটনায় তার ছেলে জড়িত নন বলে দাবি করেন।
গত রোববার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুটি বাসের মধ্যে চাপা পড়ে একজন ছাত্র নিহত হয়। তারপর বিক্ষুব্ধ ছাত্ররা ক্যাম্পাসে তাণ্ডব চালায়।
তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহনে নিয়োজিত ৪০টি বাস ভাংচুর ও অগ্নিসংযোগ করে। পরে কর্তৃপক্ষা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়।
