২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় বিএনপির পাল্টাপাল্টি সম্মেলনে ১৪৪ ধারা

নওগাঁর পোরশায় থানা বিএনপির দুইপক্ষ একই স্থানে সম্মেলন ডাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2014, 02:29 PM

Updated : 22 Aug 2022, 08:01 PM

বৃহম্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলা পরিষদের পাশে কাইয়ুম শাহের আমবাগান এলাকা ও তার আশপাশের এলাকায় সব ধরনের সভা সমাবেশের উপর এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এছাড়া বুধবার রাত থেকেই সভাস্থলসহ উপজেলা সদরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

পোরশা থানার ওসি শাহিন কামাল জানান, বৃহস্পতিবার উপজেলা পরিষদের পাশে কাইয়ুম শাহের আমবাগান চত্বরে সম্মেলন করার জন্য পোস্টার ও মাইকিংসহ প্রচার চালাচ্ছিল থানা বিএনপির আব্দুল ওহাব শাহ চৌধুরীর পক্ষ। সম্মেলন করার জন্য আব্দুল ওহাব শাহ চৌধুরী সভাস্থল ব্যবহারের  অনুমতি চেয়ে উপজেলা প্রশাসনের কাছে বুধবার আবেদনও করেন। একইস্থানে একই সময় সম্মেলন করার অনুমতি চেয়ে মাসুদ রানা পক্ষের আরেক নেতাও আবেদন করেন।

তিনি বলেন, একইস্থানে একইদিন দুই পক্ষ সম্মেলন করার অনুমতি চাওয়ায় আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কায় বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সভাস্থলসহ আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।