ফেনীতে সড়ক দুর্ঘটনায় ট্রাফিক পুলিশসহ নিহত ২
ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ট্রাফিক পুলিশসহ দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত সাতজন।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলার মহিলপাল জিরো পয়েন্ট এলাকায় ট্রাকচাপায় ট্রাফিক পুলিশের এক কনস্টেবল ও পলিটেকনিক্যাল মোড়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষে হিউম্যান হলার আরোহী এক বৃদ্ধ নিহত হন।
এরা হলেন, ব্রাহ্মণবাড়ীয়ার কসবা উপজেলার মৃত আবু তাহেরের ছেলে ও ট্রাফিক পুলিশের কনস্টেবল মইনুল ইসলাম (৫৫) এবং ফেনী সদর উপজেলার মালিপুর এলাকার নিকুঞ্জ বিহারী নাথ (৮৬)।
আহতদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক সালেহ আহম্মদ পাঠান বলেন, ফেনী মহিপাল জিরো পয়েন্টে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দায়িত্ব পালন করছিলেন মইনুল ইসলাম। এ সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত মইনুলকে ফেনী সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ট্রাক রেখে চালক ও তার সহকারী পালিয়ে গেছে বলে জানান তিনি।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান জানান, সকালে ফেনীর পলিটেকনিক্যাল মোড়ে ঢাকা-চট্রগ্রাম পুরাতন মহাসড়কে হিউম্যান হলারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের সংঘর্ষে নিকুঞ্জ বিহারী নাথ নিহত হন। এতে হিউম্যান হলারের আরো সাত যাত্রী আহত হয়েছে।
