মারধর-ছিনতাই: পুলিশ ও আনসার সদস্যের বিরুদ্ধে মামলা
রাজধানীতে খোলাবাজারে চাল বিক্রির কার্যক্রমে থাকা এক পিকআপের চালককে মারধরের ঘটনায় খিলগাঁও থানার দুই পুলিশ ও এক আনসার সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে।
ওই সময় ঘটনাস্থলে থাকা আরেকটি পিকআপের চালক সোলায়মান শেখ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী মাসুদ শেখের আদালতে এই মামলা করেন।
আসামিরা হলেন- খিলগাঁও থানার এএসআই মজনু, কনস্টেবল রবিউল ও আনসার সদস্য অঞ্জন।
তাদের বিরুদ্ধে মারধরের পাশাপাশি চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগও আনা হয়েছে বলে জানিয়েছেন বাদীর আইনজীবী মোরশেদ হোসেন শাহীন।
মামলায় বলা হয়, গত ৫ মে খিলগাঁওয় থানা এলাকার সিপাহীবাগের মেরাদিয়ায় বাদী এবং আল আমিন নামে আরেকজন চালক পিকআপে খোলা বাজারের চাল বিক্রি করছিলেন। কিছুক্ষণ পর আসামিরা সেখানে এসে আল আমিনকে হাতকড়া পরিয়ে বেদম মারধর ও গালিগালাজ শুরু করে।
পরে বাদী ও আল আমিন তাদের মালিক শফিউল্লাহকে খবর দিলে তিনি ঘটনাস্থলে এসে খোলাবাজারের চাল বিক্রির কাগজপত্র দেখান।
আসামিরা তখন দুই চালকের মোবাইল ফোন ও ৬ হাজার ৩০০ টাকা নিয়ে চলে যায়। পরে মোবাইল ফোন দুটি ফেরত দেওয়া হলেও টাকা ফেরত দেয়া হয়নি বলে আর্জিতে বলা হয়।
মামলায় আরো বলা হয়, ঘটনার তিনদিন পর স্বরাষ্ট্র সচিবের কাছে বাদী লিখিত অভিযোগ জানালে তাকে সচিবের অফিসে ডাকা হয়। পরে ৮ ও ১৪ জুন জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার (মতিঝিল জোন) কার্যালয় এবং জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার (ডেমরা জোন) কার্যালয়ে দুই দফায় জবানবন্দি দেন বাদী ও মারধরের শিকার পিকআপ চালক।
তারপরও প্রতিকার না পাওয়ায় গত ৮ অক্টোবর আবার স্বরাষ্ট্র সচিবের কাছে আরেকটি আবেদন করেন সোলায়মান শেখ।
আসামিরা বাদীকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলেও মামলার আর্জিতে অভিযোগ করেন তিনি।
মোট ৬ জনকে এ মামলায় সাক্ষী করা হয়েছে।
