পাবনায় অপহৃত স্কুলছাত্রী মৌলভীবাজারে উদ্ধার
পাবনার ঈশ্বরদী থেকে অপহরণের পাঁচদিন পর এক স্কুলছাত্রীকে মৌলভীবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ।
ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সকালে মেয়েটি উদ্ধার করা হয়।
সমাপনী (পিএসসি) পরীক্ষার্থী মেয়েটিকে গত ৩০ নভেম্বর উপজেলার ছলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী এলাকার নিজ বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় একই এলাকার আব্দুর রহিমের বখাটে ছেলে পাপ্পু (১৭) ও তার সহযোগীরা।
এ ঘটনার পর পরই মেয়েটির বাবা ঈশ্বরদী থানায় লিখিত এজহার দায়ের করেন।
ওসি বিমান কুমার বলেন, “আমরা জানতে পারি অপহরণকারী পাপ্পু মৌলভীবাজারের এক বন্ধুর বাসায় ওই শিক্ষার্থীকে রেখেছে। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাফিজুল ইসলামের নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করা হয়।”
তবে এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায় বলে ওসি জানান।
