টিপাইমুখ বাঁধে উপকার দেখছেন পানিসম্পদমন্ত্রী
ভারতের টিপাইমুখ বাঁধ সম্পর্কে বাংলাদেশে প্রচলিত ধারণাগুলো ‘যথেষ্ট তথ্যভিত্তিক’ নয় বলে দাবি করেছেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।
বুধবার ঢাকায় এক আলোচনা সভায় তিনি বলেন, “বলা হয়ে থাকে, টিপাইমুখে বাঁধ নির্মাণ হলে বাংলাদেশ মরুভূমি হয়ে যাবে; বাস্তবে তা সঠিক নয়।”
ভারতের মনিপুর রাজ্যের টিপাইমুখে বাংলাদেশ সীমান্তের ২০০ কিলোমিটার উজানে বরাক ও টুইভাই নদীর সংযোগস্থলে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য বাঁধ নির্মাণের পরিকল্পনা করছে নয়া দিল্লি সরকার।
এই বাঁধ নির্মাণ হলে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে এর নেতিবাচক প্রভাব পড়বে এবং হাওর অঞ্চলের জীববৈচিত্র্য নষ্ট হবে বলে পরিবেশবিদদের আশঙ্কা।
মন্ত্রী বলেন, “পর্যাপ্ত তথ্যের অভাবে টিপাইমুখ বাঁধ সম্পর্কে বিভিন্ন ধারণা প্রচলিত আছে। বাস্তব কথা হল, টিপাইমুখ বাঁধ নির্মাণ হলে বর্ষাকালে সিলেটে যে বন্যা হয়, তা আর হবে না। শীতকালেও পানি থাকবে।”
টিপাইমুখে বাঁধের বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচি এবং সমালোচনার মধ্যে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের জন্য ক্ষতিকর হবে এমন কিছু তারা করবে না।
পানিসম্পদমন্ত্রী দক্ষিণ এশিয়ার দেশগুলোর তথ্য আদান-প্রদান নিবিড় করার ওপর জোর দিয়ে বলেন, “আমরা গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা অববাহিকার মানুষ মোটামুটি একই ইকোসিস্টেম শেয়ার করি। তাই এই সংক্রান্ত যে কোনো ইস্যুতে আমাদের পারস্পরিক যোগাযোগ ও তথ্যের আদান প্রদান বাড়ানো জরুরি।”
ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনভারসেশন অব নেচার (আইইউসিএন) আয়োজিত ‘ইকোসিস্টেম, পিপল অ্যান্ড শেয়ারড লারনিং : এক্সপেরিয়েন্সেস ফ্রম বাংলাদেশ-ইন্ডিয়া সিভিল সোসাইটি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন আনিসুল।
এতে আরও বক্তব্য রাখেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান, ভারতের পরিবেশ মন্ত্রণালয়ের সাবেক সচিব মিনা গুপ্তা, জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক সি কে ভার্শনি, আইউসিএন এর বাংলাদেশ প্রতিনিধি ইশতিয়াক উদ্দিন আহমেদ।
