ফেনীতে ২৬শ ইয়াবাসহ আটক ৩
ফেনীতে পুলিশ ও র্যাবের পৃথক অভিযানে ২৬শ ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার মধ্যরাত ও বুধবার দুপুরে এ দুটি অভিযান চালানো হয় বলে পুলিশ ও র্যাব জানায়।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান জানান, বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর স্টার লাইন পরিবহনের কাউন্টারের পাশ থেকে ১৩৯০টি ইয়াবা ট্যাবলেটসহ আটক হন আবদুর রহিম জুয়েল (২৭)।
শাহিনুজ্জামান জানান, রহিম পুলিশের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পনি কমান্ডার মেজর আহম্মেদ হোসেন মহিউদ্দিন জানান, মঙ্গলবার মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনী সদরের সওজ এর কার্যালয়ের পাশ থেকে ১২শ ইয়াবা ট্যাবলেটসহ মো. ইস্রাফিল মিলন (৩৫) ও মো. সোবহান খাঁন (২১) নামে দুই যুবককে আটক করে র্যাব।
আটক মাদক ব্যবসায়ী মো. ইস্রাফিল মিলন কুমিল্লার চৌদ্দগ্রাম থানার বাকগ্রাম গ্রামের সরবত আলী ওরফে সরু মিয়ার ছেলে এবং মো. সোবহান খাঁন চাঁদপুর জেলার মতলব থানার কাশিমপুরের মো. জাফর খাঁনের ছেলে।
র্যাব কর্মকর্তা আরো জানান, বুধবার দুপুরে ফেনী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের থানায় হস্তান্তর করেছে র্যাব।
