পুত্রাজায়ায় প্রধানমন্ত্রীকে লাল গালিচা অভ্যর্থনা
পুত্রাজায়ায় নিজের কার্যালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাদর অভ্যর্থনা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক।
বুধবার স্থানীয় সময় বিকাল ৩টায় শেখ হাসিনা মোটর শোভাযাত্রা করে পারদানা স্কয়ারে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌঁছালে নাজিব রাজাক গাড়ি পর্যন্ত গিয়ে তাকে স্বাগত জানান।
এ সময় একটি শিশু বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতে শুভেচ্ছার ফুল তুলে দিলে তিনি তাকে আদর করে দেন।
গাড়ি থেকে নেমে লাল গালিচায় হেঁটে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী কার্যালয়ের নিচতলায় অনুষ্ঠানস্থলে পৌঁছান, দুই পাশে সারি বেঁধে দাঁড়ানো মালয়েশিয়ার মন্ত্রিসভার সদস্য, জ্যেষ্ঠ কর্মকর্তা ও কূটনীতিকরা তাকে স্বাগত জানান।
দুই প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয়। একটি চৌকস দল এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেয়।
গার্ড পরিদর্শন শেষে দুই দেশের প্রধানমন্ত্রী নিজ নিজ প্রতিনিধি দলের সদস্য ও কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন। পরে তারা ফটো সেশনেও অংশ নেন।
প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষে বিকাল ৩টা ২৫ মিনিটে শুরু হয় দ্বিপক্ষীয় বৈঠক, যাতে চারটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর মধ্যে মানব সম্পদ রপ্তানি নিয়ে একটি সমঝোতা স্মারক রয়েছে, যা দেশটির সারাওয়াক প্রদেশে ১২ হাজার বাংলাদেশির কাজের সুযোগ করে দেবে।
বাংলাদেশের জনশক্তি রপ্তানির বড় বাজার মালয়েশিয়া। প্রায় ছয় লাখের মতো বাংলাদেশি সেখানে বিভিন্ন পেশায় রয়েছেন।
পর্যটন ও সংস্কৃতি বিষয়ক সহযোগিতা নিয়েও দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে এই বৈঠকে। এছাড়া ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে একটি চুক্তি হতে পারে।
দক্ষিণ এশিয়ায় ভারত ও পাকিস্তানের পর মালয়েশিয়ার সবচেয়ে বড় বাণিজ্য সহযোগী দেশ বাংলাদেশ। তবে দ্বিপক্ষীয় বাণিজ্যে মালয়েশিয়া এগিয়ে আছে অনেক দূর।
বাংলাদেশে প্রতি বছর মালয়েশিয়া থেকে প্রায় ২০০ কোটি ডলারের পণ্য কেনে। অন্যদিকে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় যায় সাড়ে ১৩ কোটি ডলারের পণ্য।
বাংলাদেশের তৈরি পোশাক, বিশেষ করে নিটওয়্যার পণ্য রপ্তানি হয় প্রশান্ত মহাসাগরীয় এই দেশটিতে। বিপরীতে আমদানি হয় জ্বালানি ও ভোজ্য তেল। বাংলাদেশে শতাধিক মালয়েশীয় কোম্পানির বিনিয়োগও রয়েছে।
তিন দিনের এই সফরে মঙ্গলবার কুয়ালালমপুরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাতে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের একটি দল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন।
বুধবার সকালে বাংলাদেশের ব্যবসা ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আয়োজিত একটি সংলাপে অংশগ্রহণের পর দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিতে পুত্রাজায়ায় আসেন তিনি।
সফরে শেষে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর ঢাকা ফেরার কথা রয়েছে।
