২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ দিনের সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে তিন দিনের সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার এই সফরে গুরুত্ব পাচ্ছে জনশক্তি রপ্তানি ও বাণিজ্য।

রিয়াজুল বাশার

কুয়ালালামপুর থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2014, 10:31 AM

Updated : 13 Oct 2022, 12:52 PM

মঙ্গলবার সকাল সোয়া ১০টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা হন প্রধানমন্ত্রী। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান স্থানীয় সময় বিকাল ৩টা ৫৫ মিনিটে। 

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান মালয়েশিয়ার মানবসম্পদ বিষয়ক উপ-মন্ত্রী হাজি ইসমাইল হাজি আবদুল মুত্তালিব। মালয়েশিয়ায় বাংলাদেশের হাই কমিশনার একেএম আতিকুর রহমানও এ সময় উপস্থিত ছিলেন।

বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনার পাশাপাশি শেখ হাসিনাকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর মোটর শোভাযাত্রা করে তিনি কুয়ালালামপুরের হোটেল গ্র্যান্ড হায়াতে পৌঁছান; এই সফরে তিনি সেখানেই থাকবেন।

টানা দ্বিতীয় মেয়াদে সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর মালয়েশিয়ায় এটা তার প্রথম সফর। তার এই সফর উপলক্ষে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর ও গ্র্যান্ড হায়াত হোটেলের সড়ক দুই দেশের পতায় সজ্জিত করা হয়।

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খোন্দকার মোশাররফ হোসেন, বেসামরিক বিমান চলাচল মন্ত্রী রাশেদ খান মেনন, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন। 

এছাড়া আছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব আবুল কালাম আজাদ, পররাষ্ট্র সচিব শহিদুল হক, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ও প্রধানন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী।

এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদের নেতৃত্বে ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দলও প্রধানমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়া সফরে রয়েছেন।

এক বছর আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক ঢাকা সফরের সময় শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই আমন্ত্রণেই আনুষ্ঠানিক এই সফর।

প্রধানমন্ত্রীর সফরের এক দিন আগে সোমবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, জনশক্তি রপ্তানি বাড়ানো এবং পণ্য রপ্তানি বাড়িয়ে মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্য বৈষম্য কমানোর ওপর জোর দেওয়া হবে এই সফরে।

প্রধানমন্ত্রীর সফরে চারটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানান তিনি। এর মধ্যে মানব সম্পদ রপ্তানি নিয়ে একটি সমঝোতা স্মারক রয়েছে, যা দেশটির সারাওয়াক প্রদেশে ১২ হাজার বাংলাদেশির কাজের সুযোগ করে দেবে।

বাংলাদেশের জনশক্তি রপ্তানির বড় বাজার মালয়েশিয়া। প্রায় ছয় লাখের মতো বাংলাদেশি সেখানে বিভিন্ন পেশায় রয়েছেন।

Image
ঢাকায় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মন্ত্রিপরিষদের সদস্যরা

ঢাকায় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মন্ত্রিপরিষদের সদস্যরা

পর্যটন ও সংস্কৃতি বিষয়ক সহযোগিতা নিয়েও দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে প্রধানমন্ত্রীর এই সফরে। এছাড়া ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে একটি চুক্তি হতে পারে।

দক্ষিণ এশিয়ায় ভারত ও পাকিস্তানের পর মালয়েশিয়ার সবচেয়ে বড় বাণিজ্য সহযোগী দেশ বাংলাদেশ। তবে দ্বিপক্ষীয় বাণিজ্যে মালয়েশিয়া এগিয়ে আছে অনেক দূর।

বাংলাদেশে প্রতি বছর মালয়েশিয়া থেকে প্রায় ২০০ কোটি ডলারের পণ্য কেনে। অন্যদিকে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় যায় সাড়ে ১৩ কোটি ডলারের পণ্য।

বাংলাদেশের তৈরি পোশাক, বিশেষ করে নিটওয়্যার পণ্য রপ্তানি হয় প্রশান্ত মহাসাগরীয় এই দেশটিতে। বিপরীতে আমদানি হয় জ্বালানি ও ভোজ্য তেল।  বাংলাদেশে শতাধিক মালয়েশীয় কোম্পানির বিনিয়োগও রয়েছে। 

গত বছরের নভেম্বরে ঢাকা সফরে এসে নাজিব রাজাক গাজীপুরে প্রধানমন্ত্রীর মায়ের নামে নির্মিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে স্পেশালাইজড হাসপাতাল এবং নার্সিং কলেজ উদ্বোধন করেছিলেন। ওই সময়ই তিনি শেখ হাসিনাকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানান। 

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, মঙ্গলবার রাতে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের একটি দল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। পরদিন সকালে বাংলাদেশের ব্যবসা ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আয়োজিত একটি সংলাপে অংশ নেবেন শেখ হাসিনা, যেখানে মালয়েশিয়ার শীর্ষ বিনিয়োগকারীরা উপস্থিত থাকবেন।

এরপর পুত্রাজায়াতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় পারদানা স্কোয়ারে দুই দেশের প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক হবে। সেখানেই চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

সফরে শেষে বৃহস্পতিবার ঢাকা ফিরবেন শেখ হাসিনা।

২০২০ সালের মধ্যে উন্নত দেশের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে মালয়েশিয়া, আর বাংলাদেশের লক্ষ্য ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হওয়া।