‘বঙ্গবন্ধু থাকলে মালয়েশিয়ার আগেই উন্নত হত বাংলাদেশ’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে মালয়েশিয়ার আগেই বাংলাদেশ উন্নত রাষ্ট্র হতো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মালয়েশিয়ায় স্বাধীনতা আন্দোলনের নেতৃত্বদানকারী দলের দীর্ঘকাল ক্ষমতায় থাকার বিপরীতে বাংলাদেশে তা না হওয়াকে পিছিয়ে থাকার জন্য দায়ী করেছেন তিনি।
তিন দিনের মালয়েশিয়া সফরে এসে মঙ্গলবার সন্ধ্যায় কুয়ালালামপুরে গ্রান্ড হায়াত হোটেলে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক সভায় এই মত প্রকাশ করেন বঙ্গবন্ধুকন্যা।
মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন আয়োজিত গণসংবর্ধনায় প্রধানমন্ত্রী বলেন, “জাতির পিতা যদি বেঁচে থাকতেন এবং তার গৃহীত পদক্ষেপ বাস্তবায়ন করে বাংলাদেশকে যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারতেন তাহলে মালয়েশিয়ার বহু আগেই বাংলাদেশ একটা উন্নত দেশ হিসেবে সারা বিশ্বে মর্যাদা পেত।”
তিনি বলেন, “একটা কথা মনে রাখবেন, যে দেশে যে দল ত্যাগ স্বীকার করে, সংগ্রাম করে স্বাধীনতা আনে, সেই দল ক্ষমতায় থাকলেই কিন্তু দেশের উন্নতি হয়। তাছাড়া কিন্তু উন্নতি হয় না, এটা বাস্তবতা।
“আজকে মালয়েশিয়া এত এগিয়ে যেতে পেরেছে একটাই কারণে; যে দল সংগ্রাম করেছিল স্বাধীনতার জন্য বছরের পর বছর তারা ক্ষমতায় আছে বলেই মালয়েশিয়া এত উন্নত হয়েছে।”
২০২০ সালের মধ্যেই উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে মালয়েশিয়া, অন্যদিকে বাংলাদেশের লক্ষ্য ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশ হওয়া এবং ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত হওয়া।
শেখ হাসিনা বলেন, “আমাদের দুর্ভাগ্য পঁচাত্তরের ১৫ অগাস্ট জাতির পিতাকে সপরিবারে নির্মমভাবে হত্যা করার পর স্বাধীনতার মূল চেতনাকেই ধ্বংস করা হয়। গণতন্ত্রের পরিবর্তে এল মার্শাল ল।
“মার্শাল ল কখনও কোনো দেশে উন্নতি দিতে পারে না। তারা ক্ষমতা কুক্ষিগত করার জন্য মুষ্টিমেয় লোককে নানারকম সুযোগ-সুবিধা দিয়ে, অর্থ দিয়ে, ঋণ খেলাপি কালচার চালু করে কিছু লোককে শক্তিশালী করে। মুষ্টিমেয় লোক ধনী হতে পারে, কিন্তু বৃহৎ জনগোষ্ঠী সেই সেবা পায় না।”
সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসীরা
এসময় স্বাধীনতার পরপরই বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ গড়ার কথা উল্লেখ করে তার মেয়ে হাসিনা বলেন, “জাতির পিতা স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলছিলেন; অর্থনৈতিক মুক্তি অর্জনের পথে তিনি তার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছিলেন।
“যখন মানুষের ভিতর একটা স্বস্তি, শান্তি ফিরে এল এবং দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে গেল তখনই কিন্তু চরম আঘাত এলো পঁচাত্তরের ১৫ অগাস্ট।”
এরপর দুই দশকের বেশি সময় দেশের অগ্রগতি থেমে যায় মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ২১ বছর পর তার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করার পর দেশের আবার উন্নয়ন শুরু হয়।
“পঁচাত্তরের পর ১৯৯৬ থেকে ২০০১ সাল বাংলাদেশের স্বর্ণযুগ।”
তবে এরপর বিএনপি-জামায়াত জোট সরকারের পাঁচ বছর এবং সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের দুই বছর আবার দেশের অগ্রগতি থেমে যায় বলে মন্তব্য করেন শেখ হাসিনা।
তিনি বলেন, “বিএনপির পাঁচ বছর; তাদের অপকর্মের ফলে আসলো তত্ত্বাবধায়ক সরকার। কাজেই এই সাত বছর হারিয়ে গিয়েছিল।”
২০০৮ সালে নির্বাচনে ক্ষমতায় আসার পর শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, জ্বালানি, অবকাঠামোসহ বিভিন্ন খাতে সরকারের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন প্রধানমন্ত্রী।
পদ্মা সেতু, মেট্রোরেলসহ বিভিন্ন বড় বড় অবকাঠামো নির্মাণ প্রকল্পের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ঢাকা শহরকে যাতে বিদেশের উন্নত শহরগুলোর সঙ্গে তুলনা করা যায় সেভাবেই গড়ে তোলা হচ্ছে।
পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের ঋণ বন্ধের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, “ওয়ার্ল্ড ব্যাংক টাকা বন্ধ করে দিল। এর পেছনে কারা ছিল? কিছু লোক আছে বিদেশে খুব নামডাক। সুদখোর-ঘুষখোর কিছু ব্যক্তি, তাদের একটা রাজনৈতিক আকাঙ্ক্ষা, আর সেই আকাঙ্ক্ষা চরিতার্থ করতে গিয়ে এরা দেশের যে সর্বনাশটা করে সেটা তারা ভুলে যান।”
কুয়ালালামপুরে নামার পর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার
জনশক্তি রপ্তানিতে তার সরকারের উদ্যোগে প্রশিক্ষণ, অর্থ সহায়তাসহ বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে তিনি বলেন, মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি বন্ধ ছিল। ১৯৭৩ সালে বঙ্গবন্ধু যখন মালয়েশিয়ায় এসেছিলেন বর্তমান প্রধানমন্ত্রীর বাবাও তখন প্রধানমন্ত্রী ছিলেন।
“সেই সূত্র ধরে উনার সঙ্গে ভালো সম্পর্ক আমাদের গড়ে উঠল এবং তিনি দুই লাখ ৬৭ হাজার বাংলাদেশিকে বৈধ করে দিলেন।”
অন্যান্য দেশেও অবৈধভাবে থাকা বাংলাদেশিদের বৈধ করার বিষয়ে তার সরকারের পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
এসময় রেমিটেন্স, রিজার্ভ, রপ্তানি বৃদ্ধির কথা এবং দেশের ডিজিটাল প্রযুক্তি ব্যবহার বাড়ার কথাও উল্লেখ করেন তিনি।
তবে প্রলোভনে পড়ে অবৈধভাবে বিদেশ যাওয়ার বিষয়ে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে এ বিষয়ে মানুষকে বোঝানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
প্রবাসীদের উদ্দেশে তিনি বলেন, “বৈদেশিক মুদ্রার সিংহভাগ অর্জিত হয় আপনাদের মাধ্যমে। আপনাদের পাঠানো কষ্টার্জিত অর্থ যাতে দেশ ও জাতির কাজে লাগে সেই লক্ষ্যেই কাজ করছি আমরা।”
