টেকনাফের আরেক শীর্ষ ইয়াবা ব্যবসায়ী আটক
টেকনাফের অন্যতম শীর্ষ ইয়াবা ব্যবসায়ী ও সদর ইউনিয়ন পরিষদের সদস্য সৈয়দ হোসেনকে (৪২) আটক করেছে পুলিশ।
টেকনাফ থানার এসআই মো. আলমগীর জানান, মঙ্গলবার সন্ধ্যায় সদর ইউনিয়নের নাজিরপাড়ার বাড়ি থেকে সৈয়দ হোসেনকে আটক করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ ইয়াবা ব্যবসায়ীদের তালিকার পাঁচ নম্বরে রয়েছেন, ওই এলাকার মৃত কালা মিয়া ওরফে নাগুরার ছেলে সৈয়দ।
ওই তালিকা দেখা যায়, ২০১৩ সালের ৩০ ডিসেম্বর মন্ত্রণালয়ের রাজনৈতিক অধিশাখা-৬ থেকে প্রকাশিত ইয়াবা ও মাদক ব্যবসায়ীদের তালিকায় সৈয়দ হোসেনের তিন ভাই- জামাল হোসেন, নুরুল আলম, জাহিদ হোসেনের নামও রয়েছে।
তালিকায় সৈয়দকে টেকনাফ থেকে নির্বাচিত সরকারদলীয় সংসদ সদস্য আবদুর রহমান বদির ‘তালতো ভাই’ হিসাবে উল্লেখ করা হয়েছে।
সাংসদ বদির বিরুদ্ধে আত্মীয়-স্বজনদের নিয়ে টেকনাফের ইয়াবা ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় বদির ভাই-বেয়াই, মামা-ভাগ্নে মিলিয়ে বদিসহ ১০ জন ইয়াবা ব্যবসায় জড়িত বলে উল্লেখ করা হয়েছে।
গত ২৪ অক্টোবর কক্সবাজার বিমানবন্দরে ২০ হাজার ইয়াবাসহ আটক ছয়জনের মধ্যে সাংসদের এক ভাগ্নেও রয়েছেন।
অন্য পাঁচজনের মধ্যে চারজন টেকনাফ সদর ইউনিয়নের বড় হাবিবপাড়ার মৃত আব্দুস শুক্কুরের ছেলে আবুল কালাম, তার স্ত্রী ও দুই মেয়ে সম্পর্কে সৈয়দ হোসেনের মামা, মামী ও মামাত বোন বলে জানা গেছে।
