ফ্ল্যাট-বাড়ি নির্মাণে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়া
বাংলাদেশে নিম্ন আয়ের মানুষের জন্য বাণিজ্যিকভাবে ফ্ল্যাট-বাড়ি নির্মাণ প্রকল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে মালয়েশিয়া।
মালয়েশিয়া সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে এ আগ্রহের কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রীর বিশেষ দূত ইউএস স্যামি ভেলু।
শেখ হাসিনা তিন দিনের সফরে মঙ্গলবার কুয়ালালামপুর পৌঁছানোর পর স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে তার হোটেলে দেখা করতে আসেন স্যামি ভেলু।
বৈঠকের পর পররাষ্ট্র সচিব শহীদুল হক সাংবাদিকদের বলেন, “বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এরমধ্যে বিনিয়োগের বিষয় বিশেষভাবে হাউজিংয়ের বিষয়, ইস্টার্ন রিফাইনারিতে বিনিয়োগ এবং রেলের বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
“দুজনের আলোচনায় মাননীয় প্রধানমন্ত্রী কামরাঙ্গীরচরে নিম্নআয়ের মানুয়ের জন্য হাউজিং প্রজেক্ট করার প্রস্তাব দিয়েছেন। স্যামি ভ্যালু এতে উৎসাহ প্রকাশ করেছেন এবং শিগগিরই এ ব্যাপারে একটা টেকনিক্যাল রিপোর্ট মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পেশ করবেন বলে জানিয়েছেন।”
মালয়েশিয়ার বিনিয়োগে কামরাঙ্গীরচরে স্বল্প আয়ের মানুষের জন্য একাধিক বহুতল ভবন এবং তা স্বল্প মূল্যে মানুষকে দেওয়া যাবে বলে আশা প্রকাশ করেন সচিব।
মালয়েশিয়া বাংলাদেশের আবাসন খাতে অর্থায়নে আগ্রহী জানিয়ে পররাষ্ট্র সচিব বলেন, “এটা নিয়ে পরে আমরা আলোচনায় যাব।”
মালয়েশিয়া চট্টগ্রামের অপরিশোধিত জ্বালানি তেল হ্যান্ডলিংয়ে একটি প্রকল্পে বিনিয়োগে আগ্রহী এবং বাংলাদেশে ৪০০ রেল কোচ বিক্রির প্রস্তাব দিয়েছে বলেও জানিয়েছেন শহীদুল হক।
সাক্ষাতে বাংলাদেশের চলমান আর্থ-সামাজিক উন্নয়নের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন।
“মাহাথির মোহাম্মদ বাংলাদেশের চলমান উন্নয়নের প্রশংসা করেছেন,” বলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী।
এসময় মাহাথির মোহাম্মদকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী।
এরপর প্রবাসী বাংলাদেশিদের এক সভায় বক্তব্য দেন শেখ হাসিনা।
