গতবার লোকসান দিয়েও থামেনি আলু চাষ
গত মৌসুমের লোকসান পুষিয়ে নেওয়ার আশায় এবছরও আলু চাষ করছে রংপুরের কৃষকরা।
জমি তৈরি এবং আলু বীজ রোপনের কাজ চলছে। অপরদিকে আগাম রোপন করা খেতের পরিচর্যার কাজেও ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা।
রংপুর সদর উপজেলার সদ্যপুস্করণী ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের আলু চাষি রেজাউল করিম মাস্টার বলেন, “গত বছর লাভের আশায় তিন একর জমিতে আলু বুনে ১ লাখ ৮০ হাজার টাকা খরচ করেছি। দেড় টাকা কেজি দরে আলু বেচে এক লাখ ৪২ হাজার টাকা লোকসান গুণেছি।”
“লোকসান পুষিয়ে নেওয়ার আশায় এবছরও ৩ একর জমিতে আলু বুনেছি,” বলেন তিনি।
“গতবারের লোকসান তুলবার আশায় এবারও ২০ একর জমিতে আলু নাগাচি। শেষ পর্যন্ত লাভ-লোকসান আল্লাহর হাতে।”
মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের চূহড় গ্রামের আলুচাষি আব্দুস সাত্তার বলেন, “গেল বছর আলু আবাদ করি লোকসান খাছি। আগাম আলু উঠলে দাম বেশি পাওয়া যায়। সেই জন্যে এবার আগেভাগে ৬ একর জমিত আলু নাগাচি।”
রংপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জুলফিকার হায়দার বলেন, চলতি বছর রংপুরের আট উপজেলায় ৪৮ হাজার ৫৬৮ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২৮ নভেম্বর পর্যন্ত ৫ হাজার ২৩০ হেক্টর জমিতে আলু বীজ রোপন করা হয়েছে।
গত বছর ৪৮ হাজার ৫৬৮ হেক্টর জমিতে চাষ করে ৯ লাখ ৪৮ হাজার ৫৬৮ মেট্রিক টন আলু উৎপন্ন হলেও দাম না থাকায় চাষিরা মোটা অঙ্কের লোকসান গুণেছেন। অনেক চাষির পুঁজিও চলে গেছে।
“আলু উৎপাদন বৃদ্ধির পাশাপাশি ক্রেতা না থাকা এবং সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় আলুর বাজারে ধস নামে,” বলেন তিনি।
সরকারি উদ্যোগে বিদেশে আলু রপ্তানির ব্যবস্থা এবং দেশের কারাগার, হাসপাতাল, এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠানের হোস্টেরের খাবারের তালিকায় আলু বাধ্যতামূলক করে তা সরাসরি কৃষকের কাছ থেকে কেনা হলে কৃষকরা লাভবান হবে বলে মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ কোল্ড স্টোরেজ ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্য ও মোতাহার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আজাদ চৌধুরী বাবু জানান, রংপুর জেলায় ২৩টি কোল্ড স্টোরেজে ৪ লাখ মেট্রিক টন আলু রাখা যায়। এরমধ্যে তার নিজেরই স্টোরেজ রয়েছে ছয়টি।
তিনি বলেন, আলু সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় চাষিরা মৌসুমেই কম দামে আলু বিক্রি করে দেন। মৌসুম শেষে আলুর দাম বেড়ে যায়। এ কারণে চাষিরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন।
