২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ঘাট শ্রমিকদের কর্মবিরতি স্থগিত

নয় দফা দাবিতে চলা কর্মবিরতি স্থগিত করেছে চট্টগ্রামের কর্ণফুলীর ১৬টি ঘাটের ‘ঘাট ও গুদাম’ শ্রমিকরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2014, 07:08 PM

Updated : 22 Aug 2022, 08:00 PM

কর্মসূচির তৃতীয় দিন মঙ্গলবার বিকালে ঘাট ঠিকাদার, শ্রমিক লীগের নেতৃবৃন্দের বৈঠকে এক মাসের মধ্যে দাবি পূরণের আশ্বাস পাওয়ার পর এক মাসের জন্য কর্মবিরতি স্থগিতের কথা জানান আন্দোলনকারী সংগঠন ‘চট্টগ্রাম ঘাট গুদাম শ্রমিক সংগ্রাম কমিটির সদস্য সচিব রাজা মিয়া হাওলাদার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বিকালে ঠিকাদার, শ্রমিক লীগ নেতাদের সঙ্গে শ্রমিক প্রতিনিধিদের বৈঠক হয়েছে।

“বৈঠকে আগামী এক মাসের মধ্যে দাবি মেনে নেওয়া ও সোমবার গ্রেপ্তার হওয়া সংগঠনের আহবায়ক ইদ্রিসকে দুই দিনের মধ্যে মুক্তি দেওয়ারও লিখিত আশ্বাস দেওয়ার পরিপ্রেক্ষিতে কর্মবিরতি স্থগিত করা হয়।”

মজুরি বাড়ানোসহ নয় দফা দাবিতে রোববার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় ‘চট্টগ্রাম ঘাট গুদাম শ্রমিক সংগ্রাম কমিটি’।

রাজা মিয়া জানান, ২০১২ সালের জানুয়ারিতেও মজুরি বৃদ্ধির জন্য আন্দোলন হয়েছিল। তখন প্রতি দুইবছর পরপর মজুরি বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হলেও তা পূরণ হয়নি। এ কারণে রোববার থেকে অনির্দিষ্টকালের এই কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা।

মঙ্গলবারও সারাদিন নদীর ১৬ ঘাটের মধ্যে ১২টি ঘাটে কাজ বন্ধ রাখে শ্রমিকরা। তবে বাকি চারটিতে পণ্য খালাসের কাজ স্বাভাবিক থাকে।   

শ্রমিকদের আন্দোলনের কারণে বিভিন্ন ঘাটে বহির্নোঙর থেকে মাল নিয়ে আসা বেশ কিছু জাহাজ তিন দিন ধরে আটকা পড়ে। কর্মবিরতীর দ্বিতীয় দিন আন্দোলনের পক্ষে-বিপক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে।

ঘাট-কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল হাশেম জানান, আমদানিকারকদের সঙ্গে কথা বলে চট্টগ্রাম চেম্বার নেতারা মজুরি বাড়ানোর বিষয়টি ঠিক করবেন।

তবে ইদ্রিসকে ছাড়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে তিনি বলেন, “আগের একটি মামালায় ইদ্রিসকে গ্রেপ্তার করেছে পুলিশ।”

পুরনো খবর:

মজুরি বৃদ্ধির দাবিতে কর্ণফুলীর ১৬ ঘাটে কর্মবিরতি