২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি শিক্ষক হত্যা: র‌্যাবের গ্রেপ্তার ৫ জন রিমান্ডে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. এ কে এম শফিউল ইসলাম হত্যার ঘটনায় র‌্যাবের হাতে গ্রেপ্তার পাঁচ জনকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিন হেফাজতে (রিমান্ড) নেওয়ার আদেশ দিয়েছে আদালত।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2014, 06:15 PM

Updated : 22 Aug 2022, 08:00 PM

মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগর হাকিম আদালতের বিচারক শারমিন আক্তার এ রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেপ্তাররা হলেন জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য কাটাখালী পৌর যুবদল নেতা আরিফুল ইসলাম মানিক, রাজাশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুস সালাম পিন্টু, যুবদলকর্মী সবুজ, আল মামুন ও সিরাজুল ইসলাম কালু।

মামলার তদন্ত কর্মকর্তা মতিহার থানার ওসি আলমগীর হোসেন বলেন, এদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন হেফাজতে নেওয়ার আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত দুইদিন করে রিমান্ড মঞ্জুর করে।

ওসি জানান, গ্রেপ্তার এই পাঁচজন ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হলে গত ২৫ নভেম্বর ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করার জন্য আদালতে হাজির করা হয়। কিন্তু বিচারকের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে তারা অস্বীকৃতি জানায়।

তাদের কাছ থেকে আরও কিছু তথ্য পাওয়া যেতে পারে বলে তাদের রিমান্ডে আনা প্রয়োজন বলে জানান ওসি।