ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিরুদ্ধে মামলা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার এক উপপরিদর্শক (এসআই) ও এক কনস্টেবলের বিরুদ্ধে চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগে মামলা হয়েছে।
আইনজীবী সহকারী রাশেদ মিয়া বাদী হয়ে সোমবার আখাউড়ার আমলী আদালতে এই মামলাটি দায়ের করেন।
আদালত মামলাটি আমলে নিয়ে সার্কেল সহকারী পুলিশ সুপারকে (এএসপি) অভিযোগের বিষয় তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছে।
মামলায় আসামিরা হলেন এসআই মো. দেলোয়ার হোসেন ও কনস্টেবল নাজমুল হক।
মামলার অভিযোগে বলা হয়, গত ২৫শে নবেম্বর দুপুরে বাদী মো. রাশেদ মিয়াসহ পাঁচ জন দুইটি মোটরসাইকেলে করে মামলার ৫ নম্বর সাক্ষী মো. দুলাল মিয়ার শ্বশুরবাড়ি আখাউড়ার কলেজপাড়ায় নিমন্ত্রণে যান।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফেরার পথে আখাউড়া কলেজ গেইটে (তিন রাস্তার মোড়) তাদের বহনকারী মোটরসাইকেল দুটি থামায় পুলিশের একটি দল।
মোটরসাইকেল থামানোর পরই পুলিশ সদস্যরা গাড়ির চাবি তাদের হাতে নিয়ে নেয় এবং পাঁচ জনকে আটক করে।
এরপর খবর পেয়ে দুলাল মিয়ার এক আত্মীয় (মামলার ৬ নম্বর সাক্ষী) মো. শিপন মিয়া এলে এসআই দেলোয়ার ও কনস্টেবল নাজমুল তাদেরকে ছেড়ে দেয়ার জন্য ৯০ হাজার টাকা দাবি করেন।
টাকা না দিলে মাদকের মামলা দিয়ে চালান করে দেওয়ার হুমকি দেন।
এরপর মান-সম্মানের ভয়ে তারা ৯০ হাজার টাকা দিতে সম্মত হন এবং তাৎক্ষণিকভাবে ২৮ হাজার ৫শ টাকা পরিশোধ করেন। বাকি টাকার জন্য বাদী এবং মামলার ১ ও ২ নম্বর সাক্ষী মো. বেলাল হোসেন ও মো. কুদ্দুস মিয়ার কাছ থেকে সাড়ে ১৭ হাজার টাকা মূল্যের ৩টি মোবাইল ফোন সেট রেখে দেন এ দুই পুলিশ সদস্য।
বাকি ৬১ হাজার ৫শ টাকা দিয়ে মোবাইল সেট ফেরত নিয়ে যাওয়ার কথা বলে পুলিশ সদস্যরা ওই স্থান ত্যাগ করেন।
মামলার এজাহারে আরো বলা হয়, ঘটনাটি আখাউড়া থানার ওসিকে জানানোর পর কনস্টেবল নাজমুল তার ভাগে পাওয়া ১ হাজার টাকা বিকাশের মাধ্যমে বাদীকে ফেরত পাঠান এবং ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেন।
এ ব্যাপারে আসামি এসআই দেলোয়ার হোসেন বলেন, মো. রাশেদ মিয়া নেশাগ্রস্থ ছিলেন। তার সঙ্গে কনস্টেবলের কথা কাটাকাটি হয়। তিনি তখন সেখানে গিয়ে মিটমাট করে দেন। এটিকে কেন্দ্র করেই রাশেদ মিয়া মামলা দিয়েছেন।
টাকা-পয়সা নেওয়ার অভিযোগ মিথ্যা বলে দাবি করেন তিনি।
আখাউড়া থানার ওসি হাম্মাদ হোসেন জানান, মামলা হওয়ার কথা তিনি শুনেছেন। তবে, তার কাছে কেউ অভিযোগ করেনি।
