শেষ হলো জোড় ইজতেমা
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে তাবলীগ জামাত অনুসারীদের পাঁচদিনব্যাপী জোড় ইজতেমা মঙ্গলবার শেষ হয়েছে।
ইজতেমার মুরুব্বী প্রকৌশলী আব্দুন নূর জানান, দুপুরে দিল্লীর মাওলানা ইব্রাহিমের পরিচালনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে জোড় ইস্তেমা শেষ হয়।
এতে মূল ইজতেমার ৪০ দিন আগে ১ থেকে ৩ চিল্লা শেষ করা মুসল্লিরা অংশ নেন।
আরেক মুরুব্বী মো. গিয়াস উদ্দিন বলেন, সারা বছরের কাজের মূল্যায়ন এবং নুতন করে চিল্লায় অংশ নিয়ে আবার ঈমানী দাওয়াত নিয়ে আল্লাহর রাস্তায় দেশ বিদেশে বেড়িয়ে পড়বেন তারা। আল্লাহ এবং আল্লাহর রাসুলের দ্বীনের পথে নিজে এবং অন্যদের দাওয়াত দিয়ে খাঁটি ঈমানদার মুসলমান হওয়ার কাজে ব্যস্ত থাকবেন।
জোড় ইজতেমায় আগত মুসল্লিদের মধ্যে বার্ধক্যজনিত কারণে এ পর্যন্ত ছয়জনের মৃত্যু খবর পাওয়ার গেছে। এবারের জোড় ইজতেমায় দেশ-বিদেশের প্রায় তিন লাখ মুসল্লি অংশ নেন।
মুরুব্বী সাকিল বলেন, জোড় ইজতেমা শেষে খণ্ড খণ্ড জামাতে (দলে) বিভক্ত হয়ে প্রায় তিন হাজার জামাত ইজতেমার দাওয়াতি কাজে দেশ-বিদেশে বেড়িয়ে পড়ে।
আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হবে মূল ইজতেমার প্রথম পর্ব। এরই মধ্যে শুরু হয়েছে তার প্রস্তুতির কাজ।
