সিলেটে ট্রাকের ধাক্কায় সেনা সদস্যের মৃত্যু
সিলেট শহরতলীর বটেশ্বর এলাকায় ট্রাকের ধাক্কায় অটোরিকশাআরোহী এক সেনা সদস্য নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও তিনজন।
শাহপরাণ থানার এস আই আব্দুল আলিম জানান, মঙ্গলবার ভোরে বটেশ্বরের তালেরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান (২৪) রাজশাহী জেলার বাঘমারা থানাধীন দিবপুর গ্রামের নজির উদ্দিনের ছেলে। সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্টে ১৭ পদাতিক ডিভিশনের সৈনিক হিসেবে কর্মরত ছিলেন তিনি।
এস আই আব্দুল আলিম জানান, ছুটি কাটিয়ে বাড়ি থেকে সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্টে ফিরছিলেন ওই সেনা সদস্যরা। ভোর পৌনে ৬টায় সিলেট নগরীর কদমতলি থেকে অটোরিকশায় করে তারা ক্যান্টনমেন্টে যাচ্ছিলেন। পথে বটেশ্বর এলাকার তালেরপাড়ে দ্রুতগামী একটি ট্রাক তাদের অটোরিকশাকে ধাক্কা মারে।
এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই মিজানুর রহমান নিহত হন।
আহত সৈনিক ওমর ফারুক, রফিকুল ইসলাম ও নজরুল আহমদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
