২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্প্রীতির জন্য গান

সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিকতার চর্চার আহ্বান জানিয়ে টাঙ্গাইলের নাগরপুরের দপ্তিয়র দক্ষিণ খণ্ডে চলছে বাউল ও পল্লী গানের উৎসব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2014, 12:58 AM

Updated : 13 Oct 2022, 12:52 PM

বাউল সাধক মীর বহর সাজেদুর রহমানের স্মরণোৎসব উপলক্ষে তিন দিনব্যাপী এ গান উৎসবের দ্বিতীয় দিন ছিল সোমবার।

এদিন শিল্পী সুনীল দাস, ফকির আবুল সরকার ও খোরশেদ আলমসহ বাউল শিল্পীরা গান পরিবেশন করেন।

দ্বিতীয় দিনের আলোচনা পর্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক রফিকউল্লাহ খান।

গ্রাম বাংলার গানের এ আয়োজনকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, “যারা ঊর্ধ্বমুখী নয়, যারা মাটির সঙ্গে চলে তাদের সঙ্গীত আকাশের সঙ্গে মাটির সম্পর্ক স্থাপন করে।”

গ্রামের মানুষ ও তাদের সংস্কৃতি নিয়ে তিনি বলেন, “সবচেয়ে ভালো সাহিত্য, সবচেয়ে ভালো গান হয়েছে এদের নিয়েই। এই সংস্কৃতির চর্চাকে আমাদের এগিয়ে নিতে হবে।”

আত্মশুদ্ধি ও বুদ্ধিবৃত্তিক বিকাশের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে এই উৎসবের আয়োজক এমাম সাধু ফকির বলেন, “চিত্তশুদ্ধি জ্ঞানবুদ্ধি না জাগিলে পাওয়া যাবে না, সেই মানুষকে, যাহা সন্নিকটে মিলে।”

অনুষ্ঠানে মীর বহর সাজেদুর রহমান মানবকল্যাণ শান্তিসংঘের পক্ষ থেকে ওই এলাকার দুঃস্থ ২০টি পরিবারকে এক হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।

মঙ্গলবার বাউল, কবি ও বিচার গানের মধ্য দিয়ে এবারের মতো এ উৎসব শেষ হবে।