‘লবিং’ জোরদারের সঙ্কল্প যুক্তরাষ্ট্র বিএনপি’র
শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর ‘পদ ছাড়তে বাধ্য করে’ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার জন্য চাপ সৃষ্টিতে আন্তর্জাতিক ‘লবিং’ জোরদারের সঙ্কল্পের কথা জানিয়েছে তারেক পরিষদের আন্তর্জাতিক কমিটি এবং যুক্তরাষ্ট্র বিএনপি।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ৩০ নভেম্বর রোববার সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মলেনে লিখিত বক্তব্যে দলটি এই দাবি জানায়।
‘বাংলাদেশের অবিসংবাদিত নেতা, দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে আওয়ামী দুর্বৃত্তদের লাগাতার অপপ্রচারের প্রতিবাদে’ শীর্ষক ওই সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে অবিলম্বে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবিও তোলা হয়।
এছাড়া প্রবাসীদেরকে নিজেদের সব দাবি ও কর্মসূচির পক্ষে আন্তর্জাতিক জনমত জোরদারে সব ভেদাভেদের উর্দ্ধে উঠে বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, বাংলাদেশের পরিস্থিতির ওপর যুক্তরাষ্ট্র কংগ্রেসে একটি শুনানির তদ্বির চলছে। নতুন কংগ্রেসের অধিবেশন শুরু হলেই শুনানির সময়সূচি চূড়ান্ত হবে।
এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন তারেক পরিষদের আন্তর্জাতিক কমিটির প্রধান আকতার হোসেন বাদল। স্বাগত বক্তব্য দেন তারেক পরিষদের মহাসচিব জসীমউদ্দিন।
এ সময় বিএনপি ও তারেক পরিষদের অন্যান্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, শহীদুল্লাহ পাটোয়ারি, মোয়াজ্জেম হোসেন, নিজামুল শাহীর, মিজানুর রহহমান, আনিসুর রহমান, মোস্তাফিজুর রহমান, হুমায়ূন কবীর, ফরিদুর রহমান প্রমুখ।
