২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াইহাজারে যুবলীগকর্মী আমজাদের দাফন সম্পন্ন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষে নিহত যুবলীগকর্মী আমজাদ হোসেনের দাফন সম্পন্ন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2014, 10:03 PM

Updated : 22 Aug 2022, 08:00 PM

সোমবার বিকালে পাঁচরুখী এলাকায় পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয় বলে জানিয়েছেন আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগ সভাপতি শাহ্ জালাল মিয়া।

রোববার সকালে আড়াইহাজারের পাঁচরুখী এলাকায় সংঘর্ষকালে যুবলীগকর্মী আমজাদ হোসেন মোল্লাকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আমজাদের লাশ পাঁচরুখী পৌঁছলে আত্মীয়-স্বজন ও আওয়ামী লীগ নেতাকর্মীরা কান্নায় ভেঙ্গে পড়ে। এক পর্যায়ে বিক্ষ্মুব্ধ আওয়ামী লীগ কর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন।

দুপুর ২টায় পাঁচরুখী আনোয়ারা কলেজ মাঠে আমজাদের নামাজে জানাজায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ কয়েক হাজার মানুষ অংশ নেন।

এ সময় জানাজায় অংশ নেওয়া আওয়ামী লীগ নেতাকর্মীরা এ হত্যাকাণ্ডে জড়িত অভিযোগ তুলে আজাদ, ইকবাল ও সজীবকে গ্রেপ্তারের দাবি জানান।

এদিকে হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও মামলা হয়নি।

নামাজে জানাজার আগে সংক্ষ্মিপ্ত শোকসভায় স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বলেন, বিএনপির সন্ত্রাসী নজরুল ইসলাম আজাদ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতে চান। এই ভূমি সন্ত্রাসীরা পাঁচরুখীতে কর্তৃত্ব বজায় রাখার জন্যই আমজাদকে হত্যা করেছে।

দুই ছেলে ও দুই মেয়ের জনক আমজাদ মোল্লা একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন বলেও তিনি জানান।

আড়াইহাজার থানার ওসি মো. আলমগীর জানান, আড়াইহাজার থানা পুলিশ রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত উপজেলার পাঁচরুখী, বান্টি, দুপ্তারা, পুরিন্দা ও আশপাশ এলাকায় অভিযান চালিয়ে ৯ জনকে আটক করেছে।

এদের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবুও রয়েছেণ। আটক সবাই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

এ ঘটনায় মামলা দায়েরের জন্য প্রস্তুতি চলছে বলে জানান তিনি।