২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ব্যবসায়ীকে জিম্মি করার অভিযোগে গ্রেপ্তার ২

চট্টগ্রামে এক ব্যবসায়ীকে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগে চট্টগ্রাম থেকে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2014, 07:32 PM

Updated : 25 Apr 2022, 05:03 PM

এরা হলেন- চট্টগ্রামের হালিশহর এলাকার জগলুল আলমের ছেলে মোহাম্মদ মোরশেদ (৪২) ও পাহাড়তলী এলাকার মৃত আবদুল আউয়ালের ছেলে জুয়েল মাহমুদ (৩৫)। 

বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, সোমবার ভোরে নগরীর হালিশহর ও পাহাড়তলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

“গ্রেপ্তারদের মধ্যে একজন নিজেকে ‘সাংবাদিক’ এবং অপরজন ‘র‌্যাব’ সদস্য পরিচয় দিয়ে এসব অপকর্ম করতেন।”

গত ১৭ নভেম্বর নগরীর বাকলিয়া এলাকার বাসা থেকে ছেলেকে স্কুলে দিতে গিয়ে নিখোঁজ হন আবদুস সালাম নামে এক ব্যবসায়ী।

ওসি মহসিন জানান, গ্রেপ্তাররা দুজন নগরীর হালিশহর এলাকায় জায়গা দেখানোর নাম করে ওই ব্যবসায়ীকে কলেজিয়েট স্কুলের সামনে থেকে তুলে নিয়ে যায়। পরে পাহাড়তলী থানার সাগরিকা এলাকার একটি ঘরে নিয়ে আটকে রেখে অশ্লীল ছবি তুলে টাকা দাবি করে।

"পরিবারের সদস্যদের কাছে অভিযোগ পেয়ে সাগরিকা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ওই ব্যবসায়ীকে ঘটনার দিন রাতেই উদ্ধার করা হয়েছিল।"

উদ্ধার হওয়া ব্যবসায়ীর দেয়া তথ্যে হালিশহর থেকে মোরশেদ এবং পাহাড়তলী থেকে জুয়েলকে গ্রেপ্তার করা হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, "অপহরণের শিকার ওই ব্যবসায়ীও দুজনকে শনাক্ত করেছেন। মোরশেদ নিজেকে সাংবাদিক এবং জুয়েল র‌্যাব সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন সময়ে লোকজনকে উঠিয়ে নিয়ে মেয়েদের সঙ্গে অশ্লীল ছবি তুলতে বাধ্য করে টাকা আদায় করত।

"প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার কথা স্বীকার করেছে।"

এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।