মাদারীপুরে পিটুনিতে ডাকাত নিহত
মাদারীপুর সদর উপজেলায় এক ডাকাতকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা।
রোববার রাতে দুধখালী ইউনিয়নে তাকে পিটুনি দেয় স্থানীয়রা। সোমবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে।
নিহত প্রকাশ রায় (৩০) শিরখাড়া ইউনিয়নের উত্তম রায়ের ছেলে।
মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসক অখিল কুমার সরকার এলাকাবাসীর বরাত দিয়ে জানান, রাতে দুধখালী ইউনিয়নের ফারুক খানের বাড়িতে ডাকাতি করে যাওয়ার সময় প্রকাশ রায়কে স্থানীয়রা ধরে পিটুনি দেয়।
সকালে পুলিশ তার লাশ মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসে।
মাদারীপুর মডেল থানার ওসি এমদাদুল হক জানন, প্রকাশ তালিকাভুক্ত ডাকাত এবং তার বিরুদ্ধে সদর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এর আগে একাধিকবার তাকে ডাকাতির অভিযোগে গ্রেপ্তার করা হয় বলেও জানান ওসি।
