২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকার আইনজীবীর জামিন আবারো নাকচ

বিএনপিনেতা যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় ফাঁসের ঘটনায় গ্রেপ্তার তার আইনজীবী এ কে এম ফখরল ইসলামের জামিনের আবেদন আবারো নাকচ করেছে সাইবার ট্রাইব্যুনাল।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2014, 11:20 PM

Updated : 25 Apr 2022, 05:02 PM

তথ্য প্রযুক্তি আইনে করা মামলায় রোববার ফখরুলের জামিন আবেদন নাকচ করেন বিচারক এ কে এম শামসুল আলম।

ট্রাইবুনালের পেশকার শামীম আহমেদ জানান,  মামলার আরেক আসামি ফখরুলের জুনিয়র আইনজীবী মেহেদী হাসানকে গ্রেপ্তারের বিষয়ে আগামী ১১ জানুয়ারি পুলিশের প্রতিবেদন জমা দিতে বলেছেন। মেহেদী হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

এছাড়া মামলার আসামি সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরীর আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়ার আবেদনও খারিজ করে দেন বিচারক।

জামিনে থাকা ফারহাত কাদের চৌধুরী ও এই দম্পতির ছেলে হুম্মাম কাদের চৌধুরী আদালতে উপস্থিত ছিলেন।

আইনজীবী ফখরুল, সাকার ম্যানেজার একেএম মাহবুবুল হাসান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অফিস সহকারী (সাঁটলিপিকার) ফারুক হোসেন ও পরিচ্ছন্নতাকর্মী নয়ন আলীকেও আদালতে হাজির করা হয়।

এর আগে গত ৩০ অক্টোবর ফখরুলের আইনজীবী খায়রুল ইসলাম লিটন মামলাটির অধিকতর তদন্ত চেয়ে ট্রাইব্যুনালে করা আবেদন নাকচ হয়।ওইদিনই আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন ফারহাত চৌধুরী ও হুমাম কাদের চৌধুরী।

গত ২৮ অগাস্ট আইনজীবী ফখরুলসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. শাহাজান।

মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ১ অক্টোবর সালাউদ্দিন কাদেরকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তবে রায়ের আগেই সাকা চৌধুরীর স্ত্রী ও তার পরিবারের সদস্য এবং আইনজীবীরা রায় ফাঁসের অভিযোগ তুলে তারা ‘রায়ের খসড়া কপি’ সংবাদকর্মীদের দেখান।

এ ঘটনায় ট্রাইব্যুনালের রেজিস্ট্রার একেএম নাসির উদ্দিন মাহমুদ ২ অক্টোবর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে শাহবাগ থানায় মামলা করেন যাতে ট্রাইব্যুনালের কর্মী ফারুক ও নয়ন এবং আইনজীবী মেহেদীকে আসামি করা হয়েছিল।

পরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ এর ৫৪ (২), ৫৭(২), ৬৩ (২) ও ৬৬ (২) ধারায় ঢাকার আদালতে অভিযোগপত্র দেওয়া হয়, যেখানে ২৫ জনকে সাক্ষী করা হয়।