২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানের ডিজিএমসহ ৬ জনের জামিন ফের নাকচ

সোনা চোরাচালানে জড়িত অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশ বিমানের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. এমদাদ হোসেনসহ ৬ জনের জামিন আবেদন ফের নাকচ করে দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2014, 11:18 PM

Updated : 25 Apr 2022, 05:02 PM

রোববার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইমরুল কায়েস শুনানি শেষে তাদের আবেদন নাকচ করেন।

অন্য আসামিরা হলেন- বিমানের চিফ অফ প্ল্যানিং অ্যান্ড সিডিউল ক্যাপ্টেন আবু মোহাম্মদ আসলাম শরিফ, শিডিউল ম্যানেজার তোজাম্মেল হোসেন, ঠিকাদার মাহমুদুল হক পলাশ, উত্তরার ফারহান মানি একচেঞ্জের মালিক হারুন অর রশিদ ও বিমান ক্রু মাজহারুল আফসার ওরফে রাসেল।

আদালতের পেশকার ইফতেখার হোসেন জানান, ছয়টি পৃথক জামিন আবেদনের শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করা হয়।

গত ১৮ নভেম্বর রাতে রাজধানীর বিমানবন্দর, উত্তরা ও বসুন্ধরা এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

পরদিন মহানগর হাকিম এরফান উল্লাহ আসামি মাজহারুল আফসার ওরফে রাসেল ছাড়া পাঁচ আসামির চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। ওইদিন আসামিদের জামিনও নাকচ করেন বিচারক।

রাসেলের গ্রেপ্তার ও রিমান্ডের মধ্য দিয়েই গোয়েন্দারা ঢাকার বিমানবন্দরের সোনা চোরাচালান চক্রের সন্ধান পান।

রাসেল গ্রেপ্তার হয়েছিলেন গত ১২ নভেম্বর।

১৯ নভেম্বর এক সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ১২ নভেম্বর বিজি-০৪৬ ফ্লাইটে ঢাকায় আসা মাজহারুল আফসার ওরফে রাসেলকে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ ২ কেজি ৬০০ গ্রাম স্বর্ণ ও ৬টি আইপ্যাডসহ গ্রেপ্তার করে।

কাস্টমস কর্তৃপক্ষের মামলার পর মহানগর পুলিশের গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগকে এর তদন্তভার দেওয়া হয়।

পুরনো খবর:

সোনা চোরাচালান: বিমানের ডিজিএমসহ ৫ জন রিমান্ডে