বাগেরহাটে ট্রাকের ধাক্কায় নারী নিহত
বাগেরহাট সদরে মিনি ট্রাকের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন।
রোববার সন্ধ্যায় সদরের মুণিগঞ্জ সেতুর টোল প্লাজার কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিনা রাণী বিশ্বাস (৪১) চিতলমারী উপজেলার চরবানিয়ারী গ্রামের প্রতুল কুমার বিশ্বাসের স্ত্রী।
বাগেরহাট মডেল থানার উপ পরিদর্শক (এসআই) শেখ ইমান আলী জানান, চিতলমারী থেকে ব্যাটারি চালিত ইজিবাইকে করে বাগেরহাট শহরে আসছিলেন মিনা রাণী বিশ্বাস। পথে মুণিগঞ্জ সেতুর টোল প্লাজার কাছে একটি মিনি ট্রাক পেছন থেকে ইজিবাইককে ধাক্কা দেয়। এতে মিনা ইজিবাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত পান।
পরে স্থানীয়রা তাকে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর চালকসহ ট্রাকটি আটক করা হয়েছে বলে জানান এসআই ইমান আলী।
