২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আটক ৫ ‘জঙ্গি’ আবার রিমান্ডে

চট্টগ্রামে পাকিস্তানি নাগরিকসহ জঙ্গি সন্দেহে আটক পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও হেফাজতে পেয়েছে গোয়েন্দা পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2014, 06:23 PM

Updated : 22 Aug 2022, 07:59 PM

রোববার বিকালে চট্টগ্রাম মহানগর হাকিম ফরিদ আলম তাদের মধ্যে চারজনকে তিনদিনের এবং একজনকে দুদিনের রিমান্ডের আদেশ দেন।

নগর পুলিশের সহকারী কমিশনার (প্রশিকিউসন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্ত্তী জানান, দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য আটকদের পাঁচদিনের রিমান্ড চেয়েছিল পুলিশ।

আদালত শুনানি শেষে মোহাম্মদ আমিনের দুদিনের এবং পাকিস্তানি নাগরিক মোহাম্মদ আলমসহ বাকি চারজনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

জঙ্গি সন্দেহে গত ২৩ নভেম্বর নগরীর নাসিরাবাদ এলাকার ‘হোটেল লর্ডস ইন’ থেকে পাকিস্তানি নাগরিক মোহাম্মদ আলম (৪৪), আব্দুল মজিদ (৩১), মোহাম্মদ আমিন (৫০), মো. সফিউল্লাহ ও মো. ছালামত উল্লাহকে আটক নগর গোয়েন্দা পুলিশ।

পরদিন তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাদের পাঁচ দিনের রিমান্ডের অনুমতি পায় পুলিশ। প্রথম দফা রিমান্ড শেষে তাদের শুক্রবার আদালতে হাজির করা হয়।

পাকিস্তানি নাগরিক মোহাম্মদ আলম ‘গ্লোবাল রোহিঙ্গা সেন্টার’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালক, যার সদর দপ্তর নেদারল্যান্ডসে।

গ্রেপ্তার শফিউল্লাহ নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের বর্তমান মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক, তিনি এ বছরের ২৩ মার্চ হওয়া উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছিলেন।

এছাড়া সফিউল্লাহ ও ছালামত উল্লাহর বিরুদ্ধে রোহিঙ্গাদের জঙ্গি সংসঠন আরএসও’র ঘনিষ্ঠ যোগাযোগ থাকার কথা জানিয়েছে পুলিশ।