নরসিংদীতে স্কুলছাত্র হত্যার দায়ে ৩ জনের ফাঁসি
চার বছর আগে নরসিংদী সদর উপজেলায় এক স্কুল ছাত্রকে অপহরণের পর হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
ফাঁসির আদেশ পাওয়া তিন আসামি হলেন- ব্রাহ্মণবাড়িয়ার মনির হোসেন, আলমগীর হোসেন ও নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সম্ভু শীল। এদের মধ্যে মনির হোসেন পলাতক।
এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় পাঁচ আসামিকে বিচারক খালাস দিয়েছেন বলে এ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ন ম রুহুল আমিন জানান।
মামলার নথির বরাত দিয়ে তিনি বলেন, ২০১০ সালের ২০ ফেব্রুয়ারি সদর উপজেলার ছোট মাধবদী এলাকার জাকির হোসেনের ছেলে ও মাধবদী এসপি ইনস্টিটিউশনের অষ্টম শ্রেণির ছাত্র সোহাগকে বেড়ানোর কথা বলে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় নিয়ে যায় আসামিরা। পরে তার বাবার কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণের টাকা দিতে দেরি হওয়ায় তাকে হত্যা করা হয়।
এ ঘটনায় ২৪ ফেব্রুয়ারি জাকির হোসেন বাদী হয়ে আটজনকে আসামি করে নরসিংদী সদর মডেল থানায় এই হত্যা মামলা দায়ের করেন।
