২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ 'জঙ্গিকে' ফের হেফাজতে চায় পুলিশ

চট্টগ্রামে ‘জঙ্গি’ সন্দেহে পাকিস্তানি নাগরিকসহ গ্রেপ্তার পাঁচজনকে জিজ্ঞাসাবাদে আবারও পাঁচদিনের হেফাজতে নেওয়ার অনুমতি চেয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2014, 01:15 PM

Updated : 22 Aug 2022, 07:59 PM

নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্ত্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রথম দফা রিমান্ড শেষে গ্রেপ্তার পাঁচজনকে শুক্রবার আদালতে হাজির করা হয়েছিল।

তিনি বলেন, আদালত রোববার এ বিষয়ে শুনানির দিন ঠিক করেছিলেন। বিকালে শুনানি নিয়ে বিচারক এ বিষয়ে আদেশ দেবেন।

গত ২৩ নভেম্বর নগরীর নাসিরাবাদ এলাকার ‘হোটেল লর্ডস ইন’ থেকে জঙ্গি সন্দেহে মোহাম্মদ আলম নামে এক পাকিস্তানি নাগরিক এবং মো. শফিউল্লাহ নামে নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের এক নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

আটক অন্যরা হলেন- আব্দুল মজিদ (৩১), মো. আমিন (৫০) ও মো. ছালামত উল্লাহ।

৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আটকের পরদিন আদালতে হাজির করা হলে আদালত তাদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতে নেওয়ার অনুমতি দেয়। এরপর তাদের জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল।

পাকিস্তানি নাগরিক মোহাম্মদ আলম ‘গ্লোবাল রোহিঙ্গা সেন্টার’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালক। এর সদর দপ্তর নেদারল্যান্ডসে।

আর মো. শফিউল্লাহ নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের বর্তমান মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক, যিনি চলতি বছরের ২৩ মার্চ হওয়া উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছিলেন।

এদের মধ্যে শফিউল্লাহ ও ছালামত উল্লাহর বিরুদ্ধে রোহিঙ্গাদের পরিচালিত জঙ্গি সংগঠন আরএসওর সঙ্গে ঘনিষ্ট যোগাযোগ থাকার অভিযোগ রয়েছে।

চট্টগ্রাম গোয়েন্দা পুলিশের ধারণা, হোটেল লর্ডস ইনে অবস্থানরত পাকিস্তানি নাগরিকের সঙ্গে আরএসওর সম্পৃক্ততা হিসেবেই বাকি চারজন সেখানে গিয়েছিল।