২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শামারুখের পুনঃময়নাতদন্ত হয়নি ছয়দিনেও

আদালতের নির্দেশের ছয় দিনেও পুনরায় ময়নাতদন্তের জন্য উত্তোলন করা হয়নি চিকিৎসক শামারুখ মাহজাবিনের লাশ, যাকে হত্যা করা হয়েছে বলে পরিবারের অভিযোগ। 

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2014, 12:28 PM

Updated : 13 Oct 2022, 12:52 PM

পুরনো খবর:

শামারুখের ময়নাতদন্ত আবার হবে
শামারুখের মৃত্যু: কিছু প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ
ময়না তদন্তে আত্মহত্যা উল্লেখ, প্রত্যাখ্যান শামারুখের পরিবারের

ঢাকার মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহা গত মঙ্গলবার পুনরায় ময়না তদন্তের নির্দেশ দেন। বৃহস্পতিবার ওই নির্দেশ সম্বলিত চিঠি যশোরের সিভিল সার্জন ডা. আতিকুর রহমান খানের হাতে পৌঁছায়।

আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, আদালত নির্দেশে ময়নাতদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি করতে বলেছে। তবে এখনও কমিটি করা হয়নি।

“জেলা প্রশাসক, পুলিশ সুপার, সংশ্লিষ্ট থানার ওসিও একই ধরনের চিঠি পেয়েছেন বা পাবেন। ঢাকা থেকে পুলিশ আসবে। তারপর লাশ উত্তোলন ও ময়নাতদন্তের কার্যক্রম গ্রহণ করা হবে।”

গত ১৩ নভেম্বর রাজধানীর ধানমণ্ডিতে টিপু সুলতানের বাসা থেকে ডা. জেসমিনের পুত্রবধূ শামারুখকে সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মেয়ের মৃত্যুর জন্য প্রকৌশলী নুরুল ইসলাম শুরু থেকেই জামাতা হুমায়ুন সুলতান সাদাব এবং তার বাবা সাবেক এমপি খান টিপু সুলতান ও তার স্ত্রী ডা. জেসমিন আরা বেগমকে দায়ী করে আসছেন। অবশ্য টিপু সুলতানের পরিবারের দাবি, শামারুখ আত্মহত্যা করেছেন।

ঢাকা মেডিকেলে শামারুখের ময়নাতদন্তের পর প্রতিবেদনে একে ‘আত্মহত্যা’ বলে উল্লেখ করা হলে তা প্রত্যাখ্যান করেন শামারুখের বাবা। পরে তার আবেদনের পরিপ্রেক্ষিতে পুনরায় ময়নাতদন্তের নির্দেশ আসে। 

পুনঃময়নাতদন্তের বিষয়ে সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সদুত্তর পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা প্রয়োজনীয় ফরেনসিক বিশেষজ্ঞ ও সরঞ্জাম না থাকার ‘অজুহাত’ দিয়েছেন।

এ বিষয়ে সিভিল সার্জন ডা. আতিককে প্রশ্ন করা হলে প্রসঙ্গ এড়িয়ে বলেন, “সবই তো বোঝেন, কিছু সমস্যা তো আছেই।”

এদিকে জীবনের নিরাপত্তা চেয়ে শনিবার যশোর কোতোয়ালি থানায় জিডি করেছেন শামারুখের বাবা প্রকৌশলী নূরুল।

জিডিতে তিনি উল্লেখ করেছেন, “খান টিপু সুলতান, তার স্ত্রী জেসমিন আরা বেগম ও ছেলে সাদাবের বিরুদ্ধে হত্যা মামলা করার পর থেকে আমি ও আমার ছেলে শাহানুর মো. শরীফ আতঙ্কে আছি। বিবাদী পক্ষ যে কোনো সময় আমাদের প্রাণনাশ করতে পারে।”

এই তিন জনের মধ্যে সাদাব গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। বাকিরা উচ্চ আদালত থেকে আগাম জামিনে আছেন।