২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীর জোড় ইজতেমায় পাঁচ মুসুল্লির মৃত্যু

টঙ্গীর জোড় ইজতেমায় যোগ দিতে এসে রোববার দুপুরে আরও এক মুসুল্লির মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2014, 09:38 AM

Updated : 22 Aug 2022, 07:59 PM

মৃত রুস্তম আলী (৪৬) রংপুর সিটি করপোরেশনের নিউ আদর্শপাড়া এলাকার মো. হাফিজুর রহমানের ছেলে।

ইজতেমা ময়দানের মুরুব্বি মো. ফরিদ উদ্দিন জানান, রোববার দুপুর সোয়া ১টার দিকে পেটে ব্যথা অনুভব করেন রুস্তম। পরে তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

রুস্তম আলীর লাশ সন্ধ্যায় রংপুরের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করছেন মুরুব্বি  মো. ফরিদ উদ্দিন।  

এ নিয়ে অসুস্থতাজনিত কারণে তিন দিনে পাঁচ মুসুল্লি মারা গেলেন।

অপর চারজন হলেন- বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার হাবিবুর রহমান (৭০) ও আব্দুল লতিফ (৭২), লালমনিরহাটের মো. আজিম উদ্দিন (৭০) ও টাঙ্গাইলের মো. সামসুল হক ওরফে সামশুদ্দিন (৭০)।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

ইজতেমা ময়দানের মুরুব্বি মো. গিয়াস উদ্দিন জানান, টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে জোড় ইজতেমা শুরুর পর দ্বিতীয় দিন শনিবার তিনজনের মৃত্যু হয়েছে। আর প্রথম দিন শুক্রবার মারা যান একজন।

শনিবার দুপুর ১২টার দিকে বুকে ব্যাথা অনুভব করেন বাগেরহাটের হাবিবুর রহমান। পরে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

একই দিন রাত সাড়ে ১০টার দিকে অসুস্থ হয়ে পড়েন বাগেরহাট থেকে আসা আব্দুল লতিফ। টঙ্গী হাসপাতালে নেওয়া হলে রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়া শনিবার ভোর ৫টার দিকে বাধ্যর্কজনিত অসুস্থতায় লালমনিরহাটের আজিম উদ্দিন মারা যান বলে টঙ্গী থানার এএসআই মো. শাহীনুর জানান।

প্রথম দিন শুক্রবার মধ্যরাতে মারা যান টাঙ্গাইলের মুসল্লি সামসুল হক ওরফে সামসুদ্দিন। হঠাৎ অসুস্থ বোধ করায় টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।

ইজতেমা মাঠে জানাজা শেষে চারজনের লাশ তাদের বাড়ির ঠিকানায় পাঠানো হয়েছে বলে ইজতেমার মুরুব্বি গিয়াস উদ্দিন জানান।

শুক্রবার থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা। দেশ বিদেশের হাজার হাজার মুসল্লি টঙ্গীর এই ধর্মীয় সম্মিলনে যোগ দিয়েছেন।

মঙ্গলবার জোহরের পর মুনাজাতের মধ্য দিয়ে জোড় ইজতেমা শেষ হবে। প্রতি বছর বিশ্ব ইজতেমার ৪০ দিন আগে পাঁচ দিনের এ জোড় ইজতেমা হয়।