২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ক সম্মেলন ‘খুবই সফল’: পররাষ্ট্রমন্ত্রী

সদ্য সমাপ্ত সার্ক শীর্ষ সম্মেলন বাংলাদেশের জন্য ‘খুবই সফল’ হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2014, 02:34 AM

Updated : 13 Oct 2022, 12:52 PM

পুরনো খবর:

‘কাঠমান্ডু ঘোষণা’য় লক্ষ্য দিগন্ত বিস্তারের

শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওই সম্মেলনের অর্জন নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।

সার্কভুক্ত দেশগুলোর মধ্যে জ্বালানি সহযোগিতা নিয়ে ‘সার্ক ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট ফর এনার্জি কো-অপারেশন’ চুক্তি সই এই সম্মেলনের সবচেয়ে বড় অগ্রগতি বলে মনে করছেন পররাষ্ট্রমন্ত্রী।

এ চুক্তিতে আন্তঃসীমান্ত বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা গড়ে তোলার কথা বলা হয়েছে, যার মধ্য দিয়ে এক দেশের বিদ্যুৎ সহজেই অন্য দেশ কিনতে পারবে।  

এছাড়া ৩৬ দফার কাঠমান্ডু ঘোষণায় স্থান পাওয়া অভিবাসন, ব্লু ইকোনমি ও ২০১৫ সাল পরবর্তী উন্নয়ন এজেন্ডা বাংলাদেশের প্রস্তাব ছিল বলে জানান মাহমুদ আলী।

তিনি বলেন, জরুরি ও স্বাভাবিক সময়ে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে খাদ্য শস্যের প্রাপ্তি নিশ্চিত করতে সার্ক ফুড ব্যাংক এগ্রিমেন্ট থেকে সর্বোচ্চ সীমা বাতিল ঘোষণা  এবং সার্ক বীজ ব্যাংক প্রতিষ্ঠাও অষ্টাদশ সার্ক সম্মেলনের অর্জন।

এছাড়া তথ্য প্রযুক্তির প্রসারে তার মাধ্যমে সংঘটিত অপরাধ দমনে একটি সাইবার ক্রাইম মনিটরিং ডেস্ক স্থাপনে গৃহীত প্রস্তাবও বাংলাদেশের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছিল বলে জানান তিনি।

গত বৃহস্পতিবার শেষ হওয়া অষ্টাদশ সার্ক শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দক্ষিণ এশিয়ার মানুষের জীবনে সত্যিকারের পরিবর্তন আনতে এবং সার্ককে গতিশীল করে এই জোটকে ‘জনগণের সার্ক’ এ রূপান্তরিত করতে সব মতপার্থক্য দূরে ঠেলে যৌথ সমৃদ্ধির পথে এগিয়ে আসার জন্য জোটভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী।

সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি ভারত, পাকিস্তান, নেপাল ও আফগানিস্তানের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন শেখ হাসিনা।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মন্ত্রণালয়ের সচিব মো. শহীদুল হকসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।