ক্ষতিপূরণ আদায়ে ২৫টি বাস আটকালো স্কুলের শিক্ষার্থীরা
মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রায় আট মাস আগে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষকের পরিবারকে ক্ষতিপূরণের অর্থ পরিশোধ না করায় সংশ্লিষ্ট দুটি পরিবহনের ২৫টি বাস আটকে রেখেছে তার স্কুলের শিক্ষার্থীরা।
সিরাজদিখান থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, শনিবার সকালে ঢাকা-মাওয়া মহাসড়ক থেকে ইলিশ ও গুণগুণ পরিবহনের এসব বাস আটক করে উপজেলার কুচিয়ামোড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
গত ১৯ মে স্কুল থেকে শ্রীনগর যাওয়ার পথে উপজেলার চালতিপাড়ায় ইলিশ ও গুণগুণ পরিবহনের মুখোমুখি সংঘর্ষে স্কুল শিক্ষক মো. রইস উদ্দিন ভূইয়া নিহত হন।
ওসি ইয়ারদৌস বলেন, পরে বিদ্যালয় পরিচালনা কমিটির সঙ্গে পরিবহন মালিকদের এক সালিশ বৈঠকে পরিবহন মালিকরা নিহত শিক্ষকের পরিবারকে সাত লাখ টাকা ক্ষতিপূরণ দেবে বলে সিদ্ধান্ত হয়। কয়েক মাস আগে মাত্র দেড় লাখ টাকা পরিশোধ করে তারা।
“পরবর্তীতে ক্ষতিপূরণের বাকি টাকা পরিশোধ না করায় শনিবার শিক্ষার্থীরা সড়ক থেকে দুটি পরিবহনের ২৫টি বাস আটক করে স্কুলের খেলার মাঠে নিয়ে রেখেছে।”
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ আশরাফ আলী জানান, সমঝোতা অনুযায়ী বাস মালিকরা ক্ষতিপূরণের বাকি টাকা পরিশোধ করা বন্ধ করে দেওয়ায় ছাত্রছাত্রীরা বাস আটক করেছে।
মুন্সীগঞ্জ বাস মালিক কল্যাণ পরিষদের সভাপতি ও ইলিশ পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক আলী আকবর বলেন, “ইতিমধ্যে আমরা ক্ষতিপূরণের দেড় লাখ টাকা পরিশোধ করেছি। নানা ঝামেলায় বাকি টাকা পরিশোধ করা হয়নি।
“আগামী মঙ্গলবার এ ব্যাপারে সমঝোতা করার কথা জানিয়েছিলাম শিক্ষকের পরিবারকে। তার আগেই তারা ছাত্রদের দিয়ে বাসগুলো আটকে রাখল।”
বিষয়টি সমাধানে দুপক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে জানান ওসি ইয়ারদৌস হাসান।
