গাইবান্ধার ৩ গ্রাম পাঁচদিন ধরে বিদ্যুৎহীন
ট্রান্সফরমার বিকল হওয়ায় গাইবান্ধা সদর উপজেলার তিনটি গ্রাম পাঁচদিন ধরে বিদ্যুৎহীন রয়েছে।
উপজেলার বোয়ালী ইউনিয়নের হরিপুর, রাধাকৃষ্ণপুর ও রামচন্দ্রপুর ইউনিয়নের ভাটপাড়া গোপালপুর গ্রামের পাঁচ শতাধিক পরিবার অন্ধকারে দিন কাটাচ্ছে।
ভাটপাড়া গোপালপুর গ্রামের বাসিন্দা হেদায়েতুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৫ নভেম্বর বিদ্যুৎ বিভাগের পশ্চিম রাধাকৃষ্ণপুরের ট্রান্সফরমারটি বিকল হওয়ার পর তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো কাজ হয়নি।
উল্টো বিদ্যুৎ গ্রাহকদের কাছে ঘুষ দাবি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
একই গ্রামের রেজিয়া বেগম ও মধু মিয়া বলেন, বিদ্যুতের অভাবে এলাকার ব্যবসা-বাণিজ্য বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ছেলেমেদের পড়াশোনার অসুবিধা হচ্ছে। রাতের অন্ধকারে চোরের উপদ্রব বেড়ে যাওয়ায় রাত জেগে বাড়ি-ঘর পাহারা দিতে হচ্ছে।
পশ্চিম হরিপুর গ্রামের রানা মিয়া অভিযোগ করেন, ট্রান্সফরমারটি ঠিক করার জন্য বিদ্যুৎ বিভাগের লোকজন ঘুষ চেয়েছে।
ঘুষ চাওয়ার কথা অস্বীকার গাইবান্ধা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জুলকার নাইন সাফি বলেন, অতিরিক্ত ট্রান্সফরমার না থাকায় দ্রুত কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয় নাই।
“বগুড়াতে একটি ট্রান্সফরমার মেরামত করতে দেওয়া হয়েছিল, সেটা ভালো হয়েছে। দুই/একদিনের মধ্যে ওই ট্রান্সফরমারটি এনে বসানো হবে।
