মিলন দিবসে এরশাদের বিচার দাবি
স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত শামসুল আলম খান মিলনের হত্যার জন্য তখন ক্ষমতাসীন রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদকে দায়ী করে তার বিচার দাবি করেছেন মিলন দিবসে আয়োজিত অনুষ্ঠানের বক্তারা।
বৃহস্পতিবার মিলন নিহত হওয়ার ২৪ তম বার্ষিকীতে টিএসসি সড়ক দ্বীপে এক আলোচনা সভায় সাবেক সামরিক শাসক এরশাদকে দায়ী করার পাশাপাশি তাকে রাজনীতির সুযোগ দেয়ার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগেরও সমালোচনা করেন বক্তারা।
১৯৯০ সালের ২৭ নভেম্বর এরশাদ পতন আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পাশের সড়কে এরশাদের পেটোয়া বাহিনীর গুলিতে মারা যান জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) নেতা ও তৎকালীন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) যুগ্ম মহাসচিব ডা. শামসুল আলম খান মিলন।
শহীদ ডা. মিলন পরিষদ আয়োজিত ওই আলোচনা সভায় ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডা. মোয়াজ্জম হোসেনের সভাপতিত্বে এই আলোচনায় স্বৈরাচার বিরোধী আন্দোলনে মিলনের সহকর্মী ও প্রবীণ বাম রাজনীতিকরা অংশ নেন।
ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক ডা. মুশতাক হোসেন, ঢাবির অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ, ইউকসুর সাবেক সাধারণ সম্পাদক মুনীর উদ্দীন আহমেদ, কর্নেল তাহেরের স্ত্রী ও সংসদ সদস্য লুৎফা তাহের, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান ছিলেন অনুষ্ঠানের অন্যতম আলোচক।
এছাড়া জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বেসামরিক বিমানমন্ত্রী রাশেদ খান মেনন আলোচনায় অংশ নেন।
সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেন, "মিলন যে নির্ভেজাল গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছিল, তা আজও অর্জিত হয়নি। হত্যাকারীরা ক্ষমতাসীনদের আশ্রয়ে আছে বলে তাদের বিচার হয়নি। মিলনকে খুনের জন্য এরশাদকে আসামি করা যেতে পারে।
"গণমাধ্যমে দেখেছি, এরশাদ এদেশের ক্ষমতাধর এক ব্যক্তির সঙ্গে বৈঠক করার পর সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের বলছেন- আমার বিচার করার ক্ষমতা কারো নাই। আওয়ামী লীগ যদি ভাবে এরশাদকে দিয়ে তারা বিএনপি-জামাতকে ঠেকাবে, তাহলে ভুল হবে। এরশাদ কোনো অ্যাসেট নয়; সে একটা বোঝা। এটা একদিন প্রমাণ হবে।”
"কিন্তু ৯০ পরবর্তী নির্বাচিত সরকারগুলো বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছে। গণতন্ত্র আমাদের ধরাছোঁয়ার বাইরে রয়েছে।"
বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের হতাশার কথা জানিয়ে তিনি প্রশ্ন করেন, "৯০ পরবর্তী সরকারগুলো কেন ঘাতক জেনারেল এরশাদের বিচার করতে ব্যর্থ হলো?
“বিশ্বের বিভিন্ন দেশে অত্যচারী সেনাশাসকদের পতনের পর তাদের বিচার হয়। ফাঁসিতে ঝুলানো হয়। কিন্তু আমাদের দেশে হয়েছে তার বিপরীত।”
ক্ষমতাসীন দলের নাম উল্লেখ না করে তিনি বলেন, "এরশাদ এখন বলছেন তিনি মানুষকে ভালোবেসে রাজনীতি করেন। কাদের ছত্রছায়ায় সে এসব বলে? শহীদদের আত্মা তাদের ক্ষমা করবে তো?"
অনুষ্ঠানে বেসামরিক বিমানমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, "মিলন যে প্রেক্ষাপট সামনে রেখে জীবন দিলেন, আমরা তার উত্তরণ করতে পারিনি। বঙ্গবন্ধু, কর্নেল তাহের হত্যার বিচার হয়েছে। আশা করি লড়াই চালিয়ে যেতে পারলে একদিন মিলন হত্যার বিচারও পাবো।"
জাসদ সভাপতি বলেন, "অনেক সময় বাম আদর্শে বিশ্বাসী বহু রাজনীতিককে হতাশায় ভুগতে দেখা যায় সংগ্রাম থেকে ধীরে ধীরে দূরে সরে যেতে দেখা যায়।
'স্বাধীনতার পর কিছুই হয়নি' সতীর্থদের এমন বক্তব্যের সঙ্গে দ্বিমত করে ইনু বলেন, "বিগত ৪৩ বছরে অনেক কিছু পেরেছি, আবার অনেক কিছু পারিনি আমরা। যা পারিনি তার জন্য এগুতে হবে, সংগ্রাম করতে হবে।"
“যারা মনে করছেন কিছুই অর্জন করেনি তাদের বলব, সামরিক শাসনের বিরুদ্ধে আপনার যে লড়াইটা করেছেন, বিশেষ করে পঞ্চম ও সপ্তম সংশোধনী বাতিলের জন্য যে লড়াইটা করেছিলেন, তা আংশিক বাতিল করা হয়েছে চলমান গণতান্ত্রিক প্রক্রিয়ায়।
"চারনীতি সংবিধানে পুনর্স্থাপিত হয়েছে যার একটি ছিল সমাজতন্ত্র। যে সমাজতন্ত্র বুকে ধারণ করে ডক্টর মিলন জীবন দিয়েছেন।
“সংবিধানের পাতা থেকে জীবনের পাতায়, রাজনীতির পাতায়, সমাজের পাতায় সমাজতন্ত্রকে নিয়ে আসতে হবে সেটা আজকে বামপন্থিদের জন্য চ্যালেঞ্জ,” বলেন মহাজোটের সরকারের অংশীদার এই বামপন্থি নেতা।
“অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে, সামরিক শাসনের জঞ্জাল নিয়ে রাজনীতি করতে গেলে সাম্প্রদায়িক শক্তি গজিয়ে উঠে এবং সুযোগ পেলেই ছোবল মারে। তাই এগুলো ঝেড়ে ফেলে দেয়া দরকার। এই সিদ্ধান্তে যারা একমত তাদের সঙ্গে ঐক্য বাঞ্চনীয়,” বলেন ইনু।
গত ৫ জানুয়ারির নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন উত্থাপনকারী ও পুনরায় নির্বাচনের পক্ষের বামপন্থি রাজনীতিকদের উদ্দেশে জাসদ সভাপতি বলেন, "পঁচাত্তর পরবর্তী সময়ে বিএনপির আশ্রয়ে এদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে। এখন তারা নির্বাচনের নামে গণতন্ত্রের নাজায়েজ শক্তি জঙ্গিবাদ ও সম্প্রদায়িকদের ক্ষমতায় বসানোর চেষ্টা করছে।
"যুদ্ধাপরাধীদেরকে রাজনীতিতে পুনর্বাসন এবং টিকিয়ে রাখার চক্রান্ত করছে। সাম্প্রদায়িকতাকে এবং বিএনপি থেকে আলাদা করে যখন লড়াইটা সাজানোর চেষ্টা হয, বিএনপিকে অপরাপর বুর্জোয়া শক্তির মতো একপাল্লায় রেখে মাপার চেষ্টা যখন করি, তখনই ভুলটা হয়।”
তথ্যমন্ত্রী বলেন, "নির্বাচনের ধ্বনিটা অত্যন্ত চটকদার ধ্বনি। এর আড়ালে জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা লুকিয়ে আছে। তাদের হালাল করার একটা ষড়যন্ত্র এটা।"
