ফুলবাড়ীতে মহাসমাবেশের ডাক
চুক্তি বাস্তবায়ন ও এশিয়া এনার্জির প্রধানকে গ্রেপ্তারের দাবিতে আগামী ২৭ ডিসেম্বর ফুলবাড়ীতে মহাসমাবেশের ডাক দিয়েছে তেল- গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটি।
বৃহস্পতিবার বিকালে জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল এ কর্মসূচি ঘোষণা করেন।
এশিয়া এনার্জির আবাসিক প্রতিনিধি গ্যারি লাইয়ের গ্রেপ্তার দাবিতে সকাল থেকে দিনভর সড়ক অবরোধ করে এলাকাবাসী।
বিকালে নিমতলা মোড়ে অনুষ্ঠিত এক পথসভায় সম্মিলিত পেশাজীবী সংগঠনের আহবায়ক ও পৌর মেয়র মানিক সরকার বলেন, “এশিয়া এনার্জির প্রধান গ্যারি লাই ফুলবাড়ীর জনগণকে উস্কে দিয়ে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। এ কারণে গ্যারি লাইকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।”
কয়লা খনি প্রকল্প বাস্তবায়নে এশিয়া এনার্জির প্রধান অপারেশন কর্মকর্তা গ্যারি লাইয়ের ফুলবাড়ীতে গিয়ে বৈঠক করার খবরে সেখানে প্রতিষ্ঠানটির কার্যালয়ে হামলা চালায় স্থানীয়রা।
এর আগে ২০০৬ সালের ২৬ অগাস্ট কয়লা খনি প্রকল্প বাতিল এবং এশিয়া এনার্জিকে প্রত্যাহারের দাবিতে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির মিছিল-সমাবেশে গুলি চালায় পুলিশ। এতে নিহত হন তিনজন।
ওই ঘটনার পর স্থানীয়রা বিক্ষোভে ফেটে পড়লে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার ফুলবাড়ীবাসীর সঙ্গে চুক্তি করে পরিস্থিতি শান্ত করে। চুক্তিতে নিহতদের ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি উন্মুক্ত পদ্ধতিতে খনন না করার কথাও বলা হয়।
৬ দফা চুক্তির মধ্যে আরো ছিল- এশিয়া এনার্জিকে দেশ থেকে বহিষ্কার, নিহতদের স্মরণে স্মৃতি সৌধ নির্মাণ, গুলিবর্ষণকারীদের শাস্তি দেওয়া, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের সব মামলা প্রত্যাহার।
এশিয়া এনার্জির তৎকালীন তথ্য অনুযায়ী, খনি বাস্তবায়ন করলে পাঁচ হাজার ৯৩৩ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হবে। এর মধ্যে কৃষি জমির পরিমাণ চার হাজার ৭৬২ হেক্টর। খনির মেয়াদকালে প্রায় ৪০ হাজার মানুষ ও প্রায় ২০ হাজার স্থাপনা সরাসরি ক্ষতিগ্রস্ত হবে।
