নুরুজ্জামান ছিলেন বায়ুচালিত মোটরসাইকেলের উদ্ভাবক
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুর্ঘটনায় নিহত হাফেজ নুরুজ্জামান (৩০) ছিলেন বাংলাদেশে প্রথম বায়ুচালিত মোটরসাইকেলের উদ্ভাবক।
রোববার (২৩ নভেম্বর) দুপুর ২টায় ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলার সোহাগপুরে প্রাইভেটকার-ট্রাকের সংঘর্ষে নুরুজ্জামানসহ ৪ যাত্রী নিহত হন।
নুরুজ্জামান হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের কৃষক সৈয়দ আলী ও রোকেয়া বেগমের ছেলে।
চট্টগ্রামের শ্যামলী পলিটেকনিক ইনস্টিটিউটের অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি।
রোববার দুপুরে নুরুজ্জামানসহ কয়েকজন একটি প্রাইভেট কারযোগে ঢাকা যাচ্ছিলেন। ঢাকা-সিলেট মহাসড়কের সোহাগপুরে পৌঁছলে বিপরীতমুখী বালু বোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে।
এতে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় তিন যাত্রী নিহত হন। ব্রাহ্মণবাড়িয়া সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পর নুরুজ্জামানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
বায়ুচালিত মোটরসাইকেলের উদ্ভাবক
স্থানীয়রা জানান, এ বছরের ৫ মার্চ হবিগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এলাকায় আনুষ্ঠানিকভাবে বাতাসচালিত মোটরসাইকেলে চড়েন এর উদ্ভাবক হাফেজ নুরুজ্জামান।
তার উদ্ভাবিত মোটরসাইকেল চালাতে তেল বা পেট্টোল লাগবে না। শুধু বাতাস দিয়েই চলবে পরিবেশবান্ধব এ যানটি।
নুরুজ্জামানের ভগ্নিপতি মো. আক্রাম আলী জানান, তিন ভাই ও তিন বোনের মধ্যে নুরুজ্জামান সবার ছোট। তিনি চট্টগ্রামের শ্যামলী পলিটেকনিক ইনস্টিটিউটের অটো মোবাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।
এদিকে, নুরুজ্জামানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি মো. আবু জাহির।
শোক বার্তায় সাংসদ আবু জাহির বলেন, “নুরুজ্জামান আমাদের নতুন প্রজন্মের কাছে উদাহারণ সৃষ্টি করেছিল, ইচ্ছা থাকলে কোনো প্রতিবন্ধকতাই কাউকে দমিয়ে রাখতে পারে না।”
নুরুজ্জামানের অকাল মৃত্যু দেশের জন্যই বড় ধরনের ক্ষতি। দেশের উন্নয়নে এমন মেধাবীদের বড় বেশি প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।
