সাভারে সোয়েটার কারখানায় আগুন
ঢাকার সাভারের আশুলিয়ায় একটি সোয়েটার কারখানায় আগুন লেগে সুতা ও যন্ত্রপাতি পুড়ে গেছে।
রোববার বিকালে কুটুরিয়া এলাকার ‘ফুজি গার্মেন্টসে’ এ আগুন ধরে।
ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল পৌনে ৫টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাভার ও ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি জানান, কারখানার চতুর্থ তলার ছাদের উপর টিন শেডের প্রায় ৩০ ফুট লম্বা ঘরটিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে ধারণা করা হচ্ছে।
ঘরটিতে থাকা সোয়েটার তৈরির সুতা ও ৭টি মেশিনসহ টিনের তৈরি ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।
তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষ কোনো কথা বলতে রাজি হয়নি।
