২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র উদ্ধার: সিলেটের ছাত্রলীগ নেতা শিপলুর বিরুদ্ধে মামলা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর সিলেট মহানগর ছাত্রলীগের এক নেতার বাসা থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় একটি মামলা করেছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2014, 11:50 AM

Updated : 22 Aug 2022, 07:55 PM

শুক্রবার রাতে উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বাদী হয়ে জালালাবাদ থানায় অস্ত্র আইনে এ মামলা করেন।

জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলায় শিপলু ও খোকন নামে মহানগর ছাত্রলীগের দুই নেতার নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত পরিচয় আরো দুজনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের পর রাতেই নগরীর মদিনা মার্কেট এলাকায় সিলেট মহানগর ছাত্রলীগ নেতা শিপলুর বাসায় অভিযান চালিয়ে গুলিসহ রিভলবার ও ১৯টি রামদা উদ্ধার করে পুলিশ। তবে শিপলুকে আটক করতে পারেনি তারা।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ওই সংঘর্ষে বহিরাগতরাও জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।

সংঘর্ষ ও তাতে একজন নিহত হওয়ার ঘটনায় শুক্রবার সকালে অজ্ঞাত পরিচয় ২৫০ জনকে আসামি করে একটি মামলা করেন জালালাবাদ থানার এসআই আবুল কালাম।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও নিহতদের পরিবারের পক্ষ থেকে আরো দুটি মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন।

Image
সংঘর্ষের চিত্র

সংঘর্ষের চিত্র

এদিকে সংঘর্ষের ঘটনায় শনিবার সকাল পর্যন্ত শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মোট ২৭ জনকে আটক করা হয়েছে বলে জানান সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার রহমত উল্লাহ।

আটকদের মধ্যে মহানগর ছাত্রলীগের কর্মী ছাড়াও শাহজালাল বিশ্ববিদ্যালয়, সিলেট ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় ও নগরীর মদনমোহন কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী রয়েছে বলে জানান তিনি।

সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পুরনো খবর:

শাবিতে সংঘর্ষের ঘটনায় আটক ১৭, রিভলবার-রামদা উদ্ধার