২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একরাম হত্যা: আরেক আসামি গ্রেপ্তার

ফেনীর ফুলগাজী উপজেলার সাবেক চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলায় অভিযুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2014, 06:39 PM

Updated : 22 Aug 2022, 07:54 PM

Image
একরামুল হক (ফাইল ছবি)

একরামুল হক (ফাইল ছবি)

বুধবার বিকালে শহরের গাজি ক্রস রোড এলাকা থেকে  রাশেদুল ইসলাম রাজু ওরফে আটা রাজুকে (২৭) গ্রেপ্তার করা হয়।

রাজু ওই এলাকার জয়নাল আবদীন ওরফে আটা জয়নালের ছেলে। রাজু একরামুল  হক হত্যা মামলার ১৮ নম্বর আসামি।

এ নিয়ে এ মামলায় অভিযুক্ত ৩১ জন গ্রেপ্তার হলেন।

ফেনী র‌্যাব-৭ সিপিসি-১  ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আহম্মেদ হোসেন মহিউদ্দিন জানান, গোপন সংবাদ পেয়ে র‌্যাব-৭ এর একটি দল শহরের গাজি ক্রস রোড এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে রাজুকে গ্রেপ্তার করে।

রাতে রাজুকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানান মেজর আহম্মেদ হোসেন।

গত ২০ মে  ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান একরামুল হককে পুড়িয়ে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় নিহতের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে মাহাতাব উদ্দিন আহম্মেদ চৌধুরী মিনারের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ৩০-৩৫ জনকে আসামি করে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ ৫৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়, যার মধ্যে ৩১ জন গ্রেপ্তার রয়েছেন। পলাতক আছেন ২৫ জন। গ্রেপ্তারদের মধ্যে ফেনীতে রয়েছেন ৩০ জন এবং ঢাকায় চিকিসাধীন আছেন বিএনপি নেতা মাহাতাব উদ্দিন আহম্মেদ চৌধুরী মিনার।